বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মমতার ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
মমতার ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রাখার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। প্রায় দীর্ঘ ২৭ বছর ধরে একাধিক সম্পত্তি বেআইনিভাবে আটকে রাখা এবং এর প্রতিবাদ করায় শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছে বলে দাবি করেছেন এক বৃদ্ধা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, এবার নিজের হারিয়ে যাওয়া জমি ও সম্পত্তি ফিরে পাওয়ার আশায় সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হলেন কলকাতার ভবানীপুরের বাসিন্দা ওই মহিলা। 

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মসূচি ‘জনতার দরবার’-এ হাজির হয়ে নিজের এই দীর্ঘকালীন বঞ্চনার কথা তুলে ধরেন ৮০ নম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রঞ্জনা হাজরা। ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধা জানান, ১৯৯৯ সাল থেকে তাঁদের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পৈতৃক সম্পত্তি একের পর এক কব্জা করার চেষ্টা চালিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই অজিত। প্রথমে একটি জায়গা জোর করে দখল করে সেখানে ব্যবসা শুরু করা হয় এবং পরবর্তীকালে বাড়িও নির্মাণ করা হয়। এরপর ২০১৭ সালেও তাঁদের আরও একটি জায়গা দখল করে নেওয়া হয় বলে অভিযোগ। 
রঞ্জনার হাজরার দাবি, এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেই জুটত হুমকি ও চরম হেনস্থা। পূর্বতন সরকারের আমলে স্থানীয় কালীঘাট থানায় একাধিকবার লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ তো করেইনি, উল্টে তৎকালীন ওসি তাঁকে চূড়ান্ত অপদস্থ করে থানা থেকে বার করে দেন। প্রভাবশালীদের ভয়ে গত কয়েক বছর ধরে তটস্থ হয়ে থাকতে হয়েছিল তাঁদের, যার জেরে তাঁদের পারিবারিক ব্যবসাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। 
এ দিন মুখ্যমন্ত্রীর হাতে নিজের সমস্ত নথিপত্র-সহ একটি লিখিত আবেদনপত্র তুলে দেন ওই বৃদ্ধা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্ব সহকারে তাঁর সমস্ত অভিযোগ শোনেন এবং বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি সহযোগিতার আশ্বাস দেন। এই আশ্বাস পেয়ে দীর্ঘদিন পর সুবিচারের আলো দেখছেন বলে জানিয়েছেন ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধা। তবে এই বিষয়ে অভিযুক্ত অজিত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।