হট টপিক
বিশ্ব পরিবেশ দিবসে মানকর কলেজে বৃক্ষরোপণ ও পোস্টার নির্মাণ প্রতিযোগিতা
প্রকাশিত: ৫ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানকর কলেজের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) ইউনিট–১ ও ইউনিট–২-এর উদ্যোগে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষাকর্মী এবং এনএসএস স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মানকর কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের দায়িত্ব ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলসী–১ ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক এবং গলসী বিধানসভার বিধায়ক রাজু পাত্র। অতিথিবৃন্দ পরিবেশ দূষণ রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন। তাঁরা ছাত্রছাত্রীদের পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সেবা প্রকল্পের ইউনিট–১-এর প্রকল্প আধিকারিক অধ্যাপক অরিজিৎ ভট্টাচার্য এবং ইউনিট–২-এর প্রকল্প আধিকারিক অধ্যাপক সুব্রত মণ্ডল। এছাড়াও কলেজের বহু শিক্ষক, শিক্ষাকর্মী, এনএসএস স্বেচ্ছাসেবক ও সাধারণ ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে কলেজ চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল পোস্টার নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও সবুজ পৃথিবী গড়ার বার্তা নিয়ে সৃজনশীল পোস্টার উপস্থাপন করে।
সমগ্র অনুষ্ঠানটি পরিবেশ রক্ষার সামাজিক দায়বদ্ধতার বার্তা বহন করে এবং ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজকদের মতে, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গঠনের প্রয়াস অব্যাহত থাকবে।

