চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করাই স্বভাব, খড়গপুরে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
নিজস্ব প্রতিনিধিঃ শনিবার আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে পড়ুয়াদের চিন্তার সীমাবদ্ধতা ভাঙার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের স্বভাবের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমার স্বভাবেই রয়েছে, আমি চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না করে থাকতে পারি না।’’ দেশের প্রথম আইআইটি-র প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানের মঞ্চ থেকে তরুণ প্রজন্মকে ‘লিমিটিং বিলিফস’ বা সীমাবদ্ধ মানসিকতা কাটিয়ে উঠে বড় স্বপ্ন দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
এ দিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘অনেকেই নিজেদের চিন্তাভাবনার উপর সীমা নির্ধারণ করে ফেলেন। আর একেই বলে লিমিটিং বিলিফস। যা নিজের স্বপ্নকে একটি সীমানার মধ্যে আবদ্ধ করে দেয়। যার মাধ্যমে নিজের ট্যালেন্ট বা মেধাকেও একটি গণ্ডির মধ্যে বেঁধে ফেলা হয়।’’ তাঁর মতে, অনেকেই কোনও কাজ শুরু করার আগেই ধরে নেন যে তা সম্ভব নয়। কিন্তু কোনও জাতি তখনই নিজের প্রকৃত সামর্থ্য চিনতে পারে, যখন সে চিন্তার সমস্ত বাধা ভেঙে বেরিয়ে আসে।
বক্তৃতার এই প্রসঙ্গেই অতীতের সরকার এবং ‘গরিবি হটাও’ স্লোগানকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দশক দুই আগেও দেশে দারিদ্রকে একটি স্থায়ী সমস্যা বলে ধরে নেওয়া হত। লালকেল্লার প্রাকার থেকে ‘গরিবি হটাও’-এর মতো স্লোগান দেওয়া হলেও ফাইল তৈরি করা ছাড়া কাজের কাজ কিছু হয়নি। কিন্তু গত ১২ বছরে বর্তমান সরকার সেই পুরনো মানসিকতা বদলে দিয়েছে। বিশ্বব্যাঙ্কের একটি রিপোর্টের উল্লেখ করে প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত এক যুগে ভারতে প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা সম্ভব হয়েছে, যা আজ গোটা দেশ প্রত্যক্ষ করছে।
এ দিন আইআইটি খড়গপুরের ৭৫ বছরের ঐতিহাসিক যাত্রার কথা স্মরণ করে একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রতিষ্ঠানের ৭৫ জন পড়ুয়ার সঙ্গে বিশেষ আলাপচারিতাতেও অংশ নেন তিনি। তাঁর বার্তা, আগামী দু’দশকে দেশের যে কোনও বড় সমস্যার সমাধানে আইআইটি খড়্গপুরের পড়ুয়াদেরই নেতৃত্বের ভূমিকা নিতে হবে।

