বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দু’দিন বঙ্গে মোদি, ট্রাফিক নিয়ন্ত্রণ কলকাতায়

প্রকাশিত: ২০ জুন, ২০২৬
দু’দিন বঙ্গে মোদি, ট্রাফিক নিয়ন্ত্রণ কলকাতায়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দু’দিনের ঠাসা কর্মসূচিতে আজ, শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফর। প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং কর্মসূচি নির্বিঘ্ন করতে আজ ও আগামীকাল কলকাতার বিস্তীর্ণ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে ওড়িশা থেকে কলাইকুন্ডা হয়ে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার পৌঁছবে হুগলির তারকেশ্বরে। সেখানে নতুন সরকারের উদ্যোগে আয়োজিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। তারকেশ্বরের অনুষ্ঠান সেরে আজ সন্ধ্যায় কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। রাতে তিনি রাজভবনে (লোক ভবন) রাত্রিবাস করবেন। এরপর আগামীকাল, রবিবার সকালে কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মেগা কর্মসূচির নেতৃত্ব দেবেন খোদ দেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফর ও যোগ দিবসের প্রস্তুতির জেরে কলকাতার রাজপথে ব্যাপক ট্রাফিক বদল করা হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১১টা পর্যন্ত এবং রবিবার দুপুর পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রেড রোড ইতিমধ্যেই সাধারণ গাড়ির জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া রাজভবন সংলগ্ন বিবাদী বাগ, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড ও খিদিরপুর রোডের একাংশে যান চলাচল ডাইভার্ট বা সীমিত করা হয়েছে। শহরের প্রবেশদ্বারগুলিতে ভারী পণ্যবাহী যান চলাচলের ওপরও সাময়িক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
রবিবার যোগ দিবসের মূল অনুষ্ঠানের পর কলকাতা বন্দরে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিকরণও করবেন মোদি। রবিবারের এই মহোৎসবের জন্য রেড রোড চত্বরে মোতায়েন থাকছে অতিরিক্ত পুলিশ বাহিনী। নিত্যযাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে লালবাজার।