বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

হাফপ্যান্ট-গেঞ্জির পর এবার লুঙ্গি-ব্যাটম্যান!

প্রকাশিত: ১২ জুন, ২০২৬
হাফপ্যান্ট-গেঞ্জির পর এবার লুঙ্গি-ব্যাটম্যান!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে রাস্তায় হাঁটানোর ধারা অব্যাহত রেখেছে পুলিশ। বৃহস্পতিবার ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরানোর পর, শুক্রবার একই ছবি দেখা গেল মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীকান্তপুরে। সেখানে গ্রেপ্তার হওয়া স্থানীয় তৃণমূল নেতা পঙ্কজ বরকে লুঙ্গি এবং সাধারণ একটি গেঞ্জি পরিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটাল পুলিশ। তাৎপর্যপূর্ণভাবে, তাঁর গায়ে থাকা নীল রঙের গেঞ্জিটিতে ‘ব্যাটম্যান’ কার্টুনের লোগো আঁকা ছিল।

এদিন লক্ষ্মীকান্তপুর স্টেশন ও সংলগ্ন বাজার এলাকায় পঙ্কজ বরকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন তাঁর পায়ে কোনো চটি বা জুতো ছিল না। খালি পায়ে হাঁটার পাশাপাশি এদিন তাঁকে বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখা যায়। এলাকার একসময়ের প্রভাবশালী এই নেতাকে এমন সাধারণ লুঙ্গি ও কার্টুন আঁকা গেঞ্জি পরা অবস্থায় দেখে রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় জমে যায়। অনেকেই এই দৃশ্যের ছবি ও ভিডিও মোবাইলে বন্দি করেন।
অন্যদিকে, শুক্রবার ফলতাতেও পুনরায় শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবারের পর এদিনও ফলতার ‘ত্রাস’ হিসেবে পরিচিত তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে নিয়ে এলাকায় যায় পুলিশ। তবে এদিন তাঁর আচরণে আমূল বদল দেখা যায়। একসময় যাঁর দাপটে ফলতা তটস্থ থাকত, সেই জাহাঙ্গিরকে এদিন পুলিশের ঘেরাটোপে মাঝরাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাতজোড় করে বারংবার ক্ষমা চাইতে দেখা যায়।
এলাকার বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘদিনের অত্যাচার ও রাজনৈতিক দাপটের অবসান ঘটিয়ে পুলিশ যেভাবে এই সমস্ত বাহুবলী নেতাদের সাধারণ পোশাকে রাস্তায় হাঁটাচ্ছে, তা জনমানসে আইনের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করছে। দক্ষিণ ২৪ পরগনার এই দুটি পরপর ঘটনা বর্তমানে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।