পূরব ব্যানার্জীর কবিতা “আয় আজ একটু রোদ্দুরে হাঁটি” এবং “এভাবেই দেশ চলে”
আয় আজ একটু রোদ্দুরে হাঁটি
পূরব ব্যানার্জী
আই আজ একটু রোদ্দুরে হাঁটি !
রোজ ডাকে ওই রোদেলা আকাশ ---------
দূরান্তে ওই গগন হতে,
ঝাঁ ঝাঁ রোদ্দুর,
নীরবতা করে ফিসফাস !!
অভিমানী ছায়া গুলো অশরীরী হয়ে -
হেঁটে চলে আনমনে,
অনির্বচনীয় স্বত্বার ধাঁচে !
কিছু মুখ প্রত্যাশা নিয়ে প্রাণপনে বাঁচে,
তৃষ্ণার্ত ডাহুক ডাহুকীর কুহক ডাকে--------
চল আজ সবকিছু ভুলে,
আকাশের তলে একটু রোদ্দুর মেখে আসি।।
আর কতদিন বদ্ধ ঘরের বাতায়ন খুলে!
ঘার নেড়ে সম্মতির ছলে,
প্রতিবাদে দিয়ে যাবো সমর্থন ----------
বুদ্ধির কৌশলে !
চল না আজ একটু হাঁটি রোদ্দুরে,
মুষ্ঠিবদ্ধ শ্লোগানে দিয়ে সুর,
ঘর্মাক্ত কলেবরে-----------
পৃথিবী গড়ার স্বপ্নে কাঁধে কাঁধ দিয়ে,
মেকী সততার মুখোশটা ফেলি খুলে !
রোদ্দুরে বর্ণ জাতি ধর্ম ভুলে,
অন্যায় আর শোষনের দেওয়াল টা ভেঙে ফেলি,
সবে মিলে আজ !
ভ্রাতৃত্বের মানব বন্ধন গড়ে তুলি ।।
কবিতার শব্দ গুলো খুঁটে খুঁটে,
ভাবনার মাটিতে ছড়িয়ে দিয়ে বিপ্লবের বীজ,
হারানো প্রতিবাদের ভাষা দিয়ে ------------
আই আজ আঁকি প্রয়াত বিপ্লবীর স্বপ্নের পৃথিবী,
চল আজ সূর্যের আলো মুঠি ভরে নিয়ে,
রোদ্দুরে মিছিলের সাথে হেঁটে ---------
শ্লোগানের ঝড় তুলি!
আই না আজ একটু রোদ্দুরে হেঁটে চলি।।
এভাবেই দেশ চলে
পূরব ব্যানার্জী
নীতি হীন রাজনীতি পুরোটাই দূর্নীতি
মিথ্যেটাই হয়ে যায় সত্যি!
মেরুদণ্ড ভাঙা, জনতা যে রাতকানা-----------
নেতাদের কাছে একরত্তি ।।
লবি ধরে ওঠানামা কখন কে খানসামা
বোড়েদের বাঁচাটাই শক্ত ।
ডান বাম গেরুয়া, নাই কোনো পরোয়া----------
ক্ষমতারই হতে হবে ভক্ত।।
নেতাদের ভালোবাসা চাষির মুড়গি পোষা
জেতাটাই লক্ষ্য শুধু জেনো তার ।
গোলামী হুজুরের, শক্তি টা গতরের -------------
যতদিন আছে জেনো সে তোমার ।।
মিডিয়া বুদ্ধিজীবী হয়ে গেছে পরজীবি
টিআরপি মেপে লেখে সংবাদ।
আমরা জনতা হায়! ২টাকা চালেই খুশি ----------
চোখ বুজে খেয়ে আসি ডিমভাত।।
রাষ্ট্র সম্পত্তি যত, জনতা করলে ক্ষত,
আইনের মারপ্যাঁচে উড়ে ঘুম।
সরকার গৌরবে সেই সম্পত্তি বেচে -----------
মিডিয়ায় দেখে সেটা দেশপ্রেম।।
এভাবেই দেশ চলে,কর্পোরেটের চালে,
ভোট আসে ভোট যায় ফি-বছর।
গরীবরা অনাহারে, বেকারত্ব শোভা ----------
তবু নাই আমাদের ধিৎকার।।
উন্নয়নের বোঝা, জনগণের সাজা,
মেনে নেয় তোলাবাজি লুটপাট।
ধর্মের ধ্বজা ধরে, তোষণ শোষণ চলে ---------
লক্ষ্য টা শুধু জিতে আসা ভোট।।

