পূরব ব্যানার্জীর কবিতা “গভীর কুয়াশাচ্ছন্ন রাত্রি” এবং “ধর্ম আমার সনাতন”
🌍 গভীর কুয়াশাচ্ছন্ন রাত্রি
পূরব ব্যানার্জী
সারি সারি মেরুদণ্ড হীন দ্বিপদ প্রানী,
নির্বাক আত্মমগ্ন,
মিথ্যে অভিনয় ব্যস্ততার----
নির্লজ্জ সমর্থন, আড়ি পেতে প্রত্যাশা,
আপনার স্বার্থ শুধুই,
নাই প্রতিবাদ !
নাই কোনো আগামীর ভবিষৎ।।
দুষ্কৃতী জন্ম নেয় শাসকের তাগিদে -----
সংগ্রামী বিপ্লবী রক্তে,
বিষাক্ত প্রলোভনের উন্মাদনা !
নিষ্পাপ সবুজ প্রাণে ঢেলে দেয়,
শয়তানী ভাইরাস !
সম্মতির লুণ্ঠন চলে, অধিকারের অছিলায়,
রাজতন্ত্রের বিজয় ধ্বজা,
গণতন্ত্রের কাঠামোয় !
মানুষ নাই কোথাও ! নির্জন চতুর্দিক !
কেবলই প্রাণের স্পন্দন ঘরে ঘরে !!
শত শত নেতাজী, স্বামীজি, মহাত্মা ------
ক্ষমতালোভীর চক্রান্তে,
অকালে দূষিত হয়ে,
হিংস্র জল্লাদের নেয় রূপ !
শষ্য শ্যামলা মাতৃভূমির বুকে,
হাহাকার অনুতাপি অশান্ত প্রেতাত্মার।।
★★★
ধর্ম আমার সনাতন
পূরব ব্যানার্জী
তুমি উড়িয়েছো ধর্মের বিজয় ধ্বজা !
দীপ্ত কণ্ঠে গর্বের সাথে বলছো 'আমি হিন্দু'-
আমি উল্লাসীত উচ্ছ্বসিত মুগ্ধ ----------
শতাব্দীর প'রে আপন পরিচয়ের পুনঃস্মরণে,
নীরব সমর্থনে তোমাকে করেছি অনুপ্রাণিত।।
স্মৃতিরোমন্থনে ভেসে উঠে এক যুব সন্যাসীর -------
উজ্জ্বল ভাস্বর রূপ,
আসমুদ্রহিমাচল পরিভ্রমন করে সেই অমরাত্মা পরিব্রাজকের বেশে,
জগৎ মহাসভায় সনাতনী হিন্দু ধর্মকে করেছিল -
নমস্য বিশ্বের দরবারে।।
তারপরেই লজ্জায় নতমস্তক আমার,
তোমার উদ্ধত রূপ, সঙ্কীর্ণ মতভেদ এবং হিংস্র পাশবিকতায় !
যা করেছিল সেই মহাপুরুষের অবমাননা।
আমি গর্বিত কারন আমার ধর্ম শিখিয়েছে বিশ্বকে সহিষ্ণুতা !
প্রেম, ভালোবাসা, উদারতা ---------
বিশাল হৃদয়ে জাতি ধর্ম নির্বিশেষে দিয়েছে আশ্রয়,
লক্ষ লক্ষ নিপীড়িত, অত্যাচারিত শরর্ণাথীদের !
এ বিশ্বকে শিখিয়েছে মানবতা !
আমি গর্বিত কারন আমার ধর্মই বলেছে --------
নানা ধর্ম, নানা মত
মোক্ষতা প্রাপ্তি, সত্যের সন্ধানে পৌঁছবার শুধুই ভিন্ন পথ,
সর্ব ধর্ম সত্য, সর্ব জীবে দেবতার নিবাস।।
আর তুমি ! স্বীয় ক্ষমতার লিপ্সায় হয়ে মত্ত --------
আমার ধর্মকে করেছো কালিমালিপ্ত !
পরিয়েছ রাজনৈতিক বর্ম,
উদার সনাতনধর্মের মাথায় বসিয়েছ মৌলবাদের রাজমুকুট।।
ধিক্ তোমাদের মহানতায়, সহস্র বছর ধরে যে মহাসাগরে -
পূণ্যস্নান করেছে সহস্র ধর্মের অবতার --------
তোমার ধনুকের আঁকা রক্তের গণ্ডিতে তুমি একেঁছো তার সীমারেখা।।
আজ লজ্জিত যত মহান পরমাত্মা !
তোমার উগ্রতায়, অন্ধ ধর্মান্ধতায়, আজ পুড়ে ছারখার ----
তাদের অমর ধর্মের বার্তা।।
★★★★★

