হট টপিক
রবীন্দ্রভারতীর উপাচার্যের আচমকা ইস্তফা, জল্পনা
প্রকাশিত: ৫ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দিলেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। গত মে মাসে রাজ্যে নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার পর এক মাস কাটতে না কাটতেই তাঁর এই পদত্যাগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে।
গত ৯ মে, রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নে শপথ নিয়েছিল নতুন বিজেপি সরকার। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণের পরেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন তাঁর ঠিক পাশেই দেখা গিয়েছিল উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী পরিবর্তনের পর উপাচার্যের এই উপস্থিতি সে সময় শিক্ষামহলে যথেষ্ট সাড়া ফেলেছিল।
তার কারণ অবশ্য সোনালী দেবীর পারিবারিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। তিনি তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ ও রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। দীর্ঘ টালবাহানার পর, গত বছরের আগস্ট মাসে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসেছিলেন এই অবসরপ্রাপ্ত আমলা-পত্নী। ফলে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর পাশে তাঁর উপস্থিতি অনেককেই চমকে দিয়েছিল।
কিন্তু সেই ঘটনার এক মাস কাটতে না কাটতেই পটপরিবর্তন হলো। সূত্রের খবর, ৫ জুন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। কী কারণে তাঁর এই আচমকা পদত্যাগ, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। সরকারিভাবে কোনও মন্তব্য না মিললেও, রাজনৈতিক ও শিক্ষা শিবিরের একাংশের ধারণা, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৈরি হওয়া নতুন পরিস্থিতির চাপেই হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পদত্যাগের পর রবীন্দ্রভারতীর পরবর্তী উপাচার্য কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজভবন ও বিকাশ ভবনে।

