বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ডিমের হাত থেকে বাঁচতে কম্বলমুড়ি দিয়ে ছুট তৃণমূল নেতার

প্রকাশিত: ২০ জুন, ২০২৬
ডিমের হাত থেকে বাঁচতে কম্বলমুড়ি দিয়ে ছুট তৃণমূল নেতার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আকাশ মেঘলা থাকলেও সকাল থেকেই ভ্যাপসা গরম। সুতির হালকা পোশাক পরেও সাধারণ মানুষের শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। আর এই তীব্র অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই মাথার ওপর দিয়ে মোটা কম্বল জড়িয়ে গাড়ি থেকে নামলেন এক দাপুটে তৃণমূল নেতা! গাড়ি থেকে নামতেই পুলিশ কার্যত দৌড়ে তাঁকে নিয়ে সোজা ঢুকে গেল আদালতের ভেতরে। শুক্রবার রায়গঞ্জ আদালত চত্বরের এই নজিরবিহীন দৃশ্য দেখে উপস্থিত বিচারপ্রার্থী থেকে শুরু করে আইনজীবি— অনেকেই তাজ্জব বনে গিয়েছেন।

মাথার উপর দিয়ে কম্বল পেঁচিয়ে সর্বাঙ্গ ঢাকা থাকলেও, চোখের চশমা ও হাঁটার ভঙ্গি দেখে উপস্থিত সাধারণ মানুষ অবশ্য আসল ব্যক্তিটিকে চিনতে ভুল করেননি। তিনি রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারী ওরফে নদো। একটি গুরুতর ফৌজদারি মামলায় গ্রেফতার হওয়ার পর, এদিন তাঁকে পুলিশি হেফাজত শেষে রায়গঞ্জ আদালতে পেশ করতে নিয়ে এসেছিল পুলিশ।
কিন্তু এই তীব্র গরমে হঠাৎ কম্বলমুড়ি দেওয়ার এই আজব হুলিয়া কেন? আদালত চত্বরের প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো শারীরিক অসুস্থতা নয়, বরং বিক্ষুব্ধ জনতার ক্ষোভ ও ডিমের হাত থেকে বাঁচতেই নেতার এই মরিয়া পদক্ষেপ! আসলে সম্প্রতি এই নেতার গ্রেফতারির পর থেকেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছিল। পুলিশ আশঙ্কা করেছিল, আদালতে আনার পথে সাধারণ মানুষ বা বিরোধী শিবিরের কর্মীরা নেতার মুখে কালি লেপে দিতে পারেন, কিংবা পচা ডিম ছুড়ে মারতে পারেন। সেই চরম বিড়ম্বনা ও গণধোলাইয়ের হাত থেকে বাঁচতেই পুলিশের পরামর্শে এই কম্বল-বর্ম ধারণ করেছিলেন অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর।
এদিন কড়া নিরাপত্তার ঘেরাটোপে আদালত চত্বরে গাড়ি এসে থামতেই, পুলিশ কর্মীরা চারপাশ থেকে ঘিরে ধরেন কম্বল আবৃত নদো-কে। চোখের পলকে তাঁকে হিড়হিড় করে টেনে এজলাসের ভেতরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে তীব্র হাসাহাসির রোল ওঠে। বিরোধীদের কটাক্ষ, “যাঁরা ক্ষমতার দাপটে এতদিন সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলেন, আজ পাপের ঘড়া পূর্ণ হওয়ায় গরমে কম্বল মুড়ি দিয়ে মুখ লুকাতে হচ্ছে।”