সাগরদিঘিতে আইসিডিএস চাকরির নামে প্রতারণা তৃণমূল নেতার বিরুদ্ধে
রিচা দত্ত, মুর্শিদাবাদ: আইসিডিএস-এ চাকরি দেওয়ার নামে টাকা তোলা ও মহিলাকে মারধরের অভিযোগে মুর্শিদাবাদের সাগরদিঘিতে গ্রেপ্তার আইএনটিটিইউসি INTTUC ব্লক সভাপতি ও এক তৃণমূল কর্মী। শনিবার রাতে সাগরদিঘি থানার পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন আবু সাঈদ শেখ ওরফে বাবু – সাগরদিঘি ব্লক INTTUC সভাপতি
এবং তোয়েবা খাতুন ওরফে পায়েল।
কী অভিযোগ?
স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই আবু সাঈদ শেখ আইসিডিএস-এ চাকরির প্রলোভন দেখিয়ে এলাকার একাধিক মহিলার কাছ থেকে টাকা তুলতেন। অভিযোগ, তোয়েবা খাতুন ওরফে পায়েলের মাধ্যমেই এই টাকা তোলার কাজ চলত।
সম্প্রতি ক্ষমতার প্রভাব খাটিয়ে এক মহিলাকে মারধর ও হেনস্থার অভিযোগ ওঠে খোদ INTTUC সভাপতির বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করে সাগরদিঘি থানার পুলিশ।
গ্রেপ্তার হওয়া INTTUC সভাপতি আবু সাঈদ শেখ নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই আমাকে এই ঘটনায় জড়ানো হয়েছে।”
সাগরদিঘি থানার এক আধিকারিক জানান, “লিখিত অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে।”
চাকরির নামে প্রতারণা চক্রে আর কারা জড়িত, কত টাকা তোলা হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। শাসক দলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির নাম জড়ানোয় সাগরদিঘির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

