হট টপিক
সেবক-রংপো রেল প্রকল্প: আগামী বছরই ট্রেন
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত বহু প্রতীক্ষিত রেল প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকেই এই লাইনে ছুটবে ট্রেন। সম্প্রতি সংসদীয় রেলওয়ে স্ট্যান্ডিং কমিটিকে এই ইতিবাচক সম্ভাবনার কথা জানিয়েছে প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা সংস্থা ‘ইরকন’ (IRCON)।
প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সাংসদ সিএম রমেশের নেতৃত্বে ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। দলটি রংপো স্টেশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৪ নম্বর টানেল ঘুরে দেখেন। এরপর তাঁরা ইরকন এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের শীর্ষকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে বসেন। বৈঠকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব, আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিং এবং ইরকনের সিএমডি হরিমোহন গুপ্তা উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের কারণে পাহাড়ে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা পূরণে এক বড় উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ২০ একর ফাঁকা জমিতে নতুন করে বনসৃজন বা গাছপালা লাগাবে ইরকন। পরে এই তৈরি হওয়া জঙ্গলটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এই মহৎ উদ্দেশ্যে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান এলাকার ২০ একর খাসজমি রেলকে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই রেললাইনের কাজ সম্পূর্ণ হলে সিকিমের সাথে বাকি দেশের যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহাসিক পরিবর্তন ঘটবে।

