হট টপিক
নবান্নে শুভেন্দু-করণ বৈঠক, রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা
প্রকাশিত: ৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের লক্ষ্যে এক বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। বুধবার রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি। সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং পশ্চিমবঙ্গে বড় আকারে বিনিয়োগ করতে বিশেষভাবে আগ্রহী আদানি গোষ্ঠী।
রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে বারবার জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। আদানি গোষ্ঠীর সঙ্গে এই শীর্ষ বৈঠকের পর স্পষ্ট যে, নতুন সরকার নির্বাচনের আগে দেওয়া তাদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রক্ষা করতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জানা গিয়েছে, মূলত রাজ্যের বন্দর উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিকস এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আদানি গোষ্ঠীকে রাজ্যে সম্পূর্ণ শিল্পবান্ধব পরিবেশ এবং সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই বড় বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার যুবকের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যা রাজ্যের নতুন সরকারের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

