হট টপিক
উচ্চশিক্ষা গোপন করে চাকরি নয়: সুপ্রিম কোর্ট
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ সিন্ডিকেট ব্যাংকের একটি নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। চাকরির আবেদনের সময় নিজের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করাকে অবৈধ বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এভাবে তথ্য গোপন করে চাকরি পাওয়া সম্পূর্ণ বেআইনি এবং এর ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট হয়।
ঘটনাটি ঘটেছিল সিন্ডিকেট ব্যাংকের অস্থায়ী ব্যাংক অ্যাটেনড্যান্ট পদের একটি নিয়োগকে কেন্দ্র করে। ব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ ছিল, এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কেবল দশম শ্রেণি পাস। কিন্তু একজন প্রার্থী স্নাতক বা গ্র্যাজুয়েট হওয়া সত্ত্বেও আবেদনের সময় সেই তথ্য সম্পূর্ণ গোপন করেন এবং চাকরিটি পেয়ে যান। পরবর্তীতে বিষয়টি সামনে এলে মাদ্রাজ হাইকোর্ট ওই প্রার্থীর পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সেই নির্দেশকে খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট ব্যাংকের সিদ্ধান্তকেই বহাল রাখল।
শীর্ষ আদালতের বিচারপতিদ্বয় রায়ে বলেন, নিম্ন যোগ্যতার প্রার্থীদের জন্য সংরক্ষিত চাকরিতে উচ্চতর ডিগ্রিধারীদের বেছে নেওয়া যায় না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের উচ্চশিক্ষা গোপন করেন, তবে তিনি আসলে ওই পদের জন্য যোগ্য এবং সত্যিকারের দাবিদারদের সুযোগ কেড়ে নিচ্ছেন। এটি এক ধরণের প্রতারণা এবং এর ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হন।
আদালতের এই কড়া অবস্থানের পর দেশের সরকারি ও ব্যাংকিং ক্ষেত্রের নিয়োগে স্বচ্ছতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই রায় স্পষ্ট করে দিল যে, যোগ্যতা কম হোক বা বেশি, চাকরির আবেদনে কোনও তথ্য গোপন করলে শেষ রক্ষা হবে না।

