হট টপিক
সুরাটে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৭
প্রকাশিত: ৩ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ গুজরাটের সুরাটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। দু’টি সরকারি বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ ঘটনায় আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের ধুলে থেকে নবপুর হয়ে সুরাটের দিকে আসছিল একটি সরকারি বাস। পথে একটি ট্রাক্টরের সঙ্গে সেটির মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডার টপকে পাশের লেনে চলে যায়। দুর্ভাগ্যবশত, সেই সময় বিপরীত দিক থেকে আর একটি সরকারি বাস আসছিল। প্রথম বাসটি সরাসরি গিয়ে ওই দ্বিতীয় বাসটিকে সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষের ফলে বাস দু’টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসন উদ্ধারকাজে হাত লাগায়। বাসের জানালা ও দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে রক্তাক্ত যাত্রীদের বের করে আনা হয়। আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনার পরে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রশাসন উদ্ধার ও ত্রাণকাজে সর্বাত্মক সাহায্য করছে। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

