বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পুলিশের জালে উদয়ন, গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
পুলিশের জালে উদয়ন, গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতার শ্রীঘরে যাওয়ার পালা অব্যাহত। সেই তালিকায় এবার নবতম সংযোজন দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বুধবার দুপুরে কলকাতার ফুলবাগানের একটি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ। ‘হাউজিং ফর অল’ বা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি বা ঘুষ নেওয়ার পুরনো একটি মামলার জেরে এই পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে খবর, দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ষড়যন্ত্রের মতো তিনটি সুনির্দিষ্ট ধারায় এফআইআর (FIR) দায়ের হয়েছিল। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের এই প্রভাবশালী নেতার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ফুলবাগানের ফ্ল্যাটে হানা দেয় দিনহাটা থানার পুলিশ ও কোচবিহার জেলা পুলিশের বিশেষ টিম। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া মেনে প্রথমে তাঁকে স্থানীয় ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সড়কপথে ট্রানজিট রিমান্ডে তাঁকে কোচবিহারে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আজই তাঁকে দিনহাটা থানায় আনা হতে পারে বলে খবর। 
রাজনৈতিক মহলের মতে, শুধু কাটমানি দুর্নীতিই নয়, উদয়ন গুহর বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা ছড়ানো, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর গ্রেপ্তারের খবর চাউর হতেই দিনহাটার ৫ মাথার মোড়ে বিজেপি কর্মী-সমর্থকদের আবির খেলা ও মিষ্টিমুখ করতে দেখা যায়। যদিও এই গ্রেপ্তারির পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে দাবি করেছে তৃণমূল শিবির। লোকসভা ও বিধানসভা নির্বাচনের পর এই নিয়ে তৃণমূল জমানার চার নম্বর মন্ত্রী পুলিশের জালে ধরা পড়লেন, যা বর্তমান রাজ্য রাজনীতিতে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।