হট টপিক
বুধবার প্রকাশিত হবে অন্নপূর্ণা যোজনার ফর্ম
প্রকাশিত: ২৬ মে, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ যোজনায় উত্তরণের সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে বুধবার থেকেই। ওই দিনই রাজ্য জুড়ে বহুপ্রতীক্ষিত এই জনকল্যাণমুখী প্রকল্পের আবেদনপত্র বা ফর্ম প্রকাশিত হতে চলেছে। মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আমজনতার সুবিধার্থে অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও এই ফর্ম পূরণ করা যাবে।
কল্যাণীর বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, বুধবার নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে যৌথভাবে অন্নপূর্ণা যোজনার এই ফর্মটি প্রকাশ করা হবে। এই নতুন প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। মুখ্যমন্ত্রী উপভোক্তাদের উদ্দেশ্যে দ্রুত নাম নথিভুক্ত করার পরামর্শ দিয়ে বলেন, সাধারণ মানুষ যত দ্রুত আবেদন প্রক্রিয়া শেষ করবেন, আমাদের সরকারের পক্ষেও তত তাড়াতাড়ি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে জানান, যতক্ষণ না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কারও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ করা হবে না।
অন্নপূর্ণা যোজনার পাশাপাশি এদিন রাজ্যের গরিব ও নিম্নবিত্ত মানুষের পুষ্টির কথা মাথায় রেখে ‘মা ক্যান্টিন’ নিয়েও এক জোড়া বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন এই ক্যান্টিনগুলিতে ৫ টাকায় ডাল, ভাত, সবজি এবং ডিম মিললেও, এবার তার ভোলবদল করতে চলেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে সপ্তাহে অন্তত দু’দিন মা ক্যান্টিনের মেনুতে মিলবে পুষ্টিকর মাছ-ভাত। তবে মেনুর গুণমান ও পুষ্টির মান বাড়লেও সাধারণ মানুষের পকেটে তার জন্য বাড়তি কোনও কোপ পড়বে না। মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের সুবিধার্থে খাবারের দাম রাখা হচ্ছে সেই চেনা মাত্র ৫ টাকাই।
প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের প্রায় ৪০০টি সরকার পরিচালিত ডেডিকেটেড ক্যান্টিনে এই নতুন পরিষেবা চালু হতে চলেছে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের এই জোড়া সামাজিক কল্যাণমূলক ও পুষ্টি সংক্রান্ত সিদ্ধান্ত রাজ্যের সাধারণ মানুষের কাছে স্বস্তি নিয়ে আসবে।

