হট টপিক
পঞ্চায়েতে ১১ হাজার পদে দ্রুত নিয়োগ
প্রকাশিত: ৫ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর দিল নয়া সরকার। ত্রিস্তরীয় পঞ্চায়েতে ফাঁকা থাকা ১১ হাজার ১৫৪টি শূন্যপদ দ্রুত পূরণের ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই মেগা নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রাজ্যের নতুন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
মন্ত্রী জানান, রাজ্যজুড়ে পঞ্চায়েতের তিনটি স্তরে দীর্ঘদিন ধরে প্রচুর পদ খালি পড়ে রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে, যার সংখ্যা ৯,৯৩৬টি। এছাড়া পঞ্চায়েত সমিতিতে ৬৬০টি এবং জেলা ও মহকুমা পরিষদে ৫৫৮টি পদ ফাঁকা রয়েছে।
এর আগে পূর্বতন মন্ত্রিসভার বৈঠকে ৬,৫৩৬টি পদে সরাসরি নিয়োগের অনুমোদন মিললেও, সেই প্রক্রিয়া এখনও শুরু করা যায়নি। তবে নয়া সরকার দফায় দফায় না করে, একলপ্তে পুরো ১১ হাজারের বেশি পদে নিয়োগ করতে চাইছে। বাকি সাড়ে চার হাজার পদের জন্য দ্রুত অর্থ দফতরের ছাড়পত্র চাওয়া হবে এবং অনুমোদন মিললেই একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
নিয়োগের পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকা প্রায় ৫৭ হাজার অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীর জন্যও সুখবর দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছেন, এই অস্থায়ী কর্মীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকার অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ করতে চলেছে। সরকারের এই জোড়া ঘোষণায় পঞ্চায়েত স্তরের প্রশাসনিক কাজে যেমন গতি আসবে, তেমনই কর্মসংস্থানের এক মস্ত বড় সুযোগ তৈরি হবে।

