হট টপিক
রাজ্যে থমকে থাকা রেল প্রকল্প চালু হচ্ছে
প্রকাশিত: ৩ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। বিগত ১৫ বছর ধরে রাজ্যে থমকে ছিল ১৫০টিরও বেশি রেল প্রকল্প। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই এতদিন এই প্রকল্পগুলির কাজ এগোয়নি। তবে এবার সেই জট কাটতে চলেছে। অবশেষে গতি পাচ্ছে প্রায় ১০ হাজার কোটি টাকার আটকে থাকা রেল প্রকল্প। এই বিশাল কর্মযজ্ঞের সূত্রপাত হতে চলেছে রাজ্যের বর্তমান ‘ডবল ইঞ্জিন’ সরকারের হাত ধরে।
আগামী ৬ জুন, শনিবার এই লক্ষ্যেই কলকাতায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ওই দিন নবান্নে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এতদিন ধরে লাল ফিতের ফাঁসে আটকে থাকা রেলের কাজগুলি দ্রুত চালু করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি ম্যারাথন বৈঠক করবেন তিনি। নবান্ন সভাঘরে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের বিভিন্ন এলাকার বিধায়ক এবং সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। যাতে তাঁরা নিজ নিজ এলাকার রেলের সমস্যা ও দাবির কথা সরাসরি মন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন।
এই বৈঠকে রেলের শীর্ষ আধিকারিকদের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজারসহ (জিএম) উচ্চপদস্থ কর্মকর্তারা ওই দিন নবান্নে উপস্থিত থাকবেন। কোন প্রকল্পের কাজ ঠিক কী কারণে আটকে রয়েছে এবং কীভাবে জমিজট বা অন্যান্য আইনি জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করা যায়, তা নিয়ে রেল আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রী।
রাজ্য প্রশাসনের এক শীর্ষকর্তা বলেন, প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু ১৩ বছর আগে নবান্নে গিয়ে মমতার সঙ্গে বৈঠক করেছিলেন। থমকে থাকা রেল প্রকল্পগুলির জট ছাড়াতে উদ্যোগী হয়েছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের কারণে তা ফলপ্রসূ হয়নি। বর্তমানে কেন্দ্র ও রাজ্যে বিজেপি পরিচালিত সরকার। বাংলার মানুষ এবার তারই সুফল পেতে শুরু করবেন।
রাজ্যের বাসিন্দারা মনে করছেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বাংলার যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব বিপ্লব আসবে। নতুন রেললাইন স্থাপন, ডবল লাইনের কাজ শেষ করা এবং মেট্রো প্রকল্পের সম্প্রসারণের ফলে সাধারণ মানুষের দৈনিক যাতায়াত অনেক সহজ হবে। একই সঙ্গে পণ্য পরিবহণে গতি আসায় রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। শনিবারের এই মেগা বৈঠকের দিকেই এখন তাকিয়ে রয়েছে সমগ্র রাজ্যবাসী।

