হট টপিক
বিশ্ব সাইকেল দিবসে লালবাগে বর্ণাঢ্য সাইকেল র্যালি, সচেতনতার বার্তা প্রশাসনের
প্রকাশিত: ৭ জুন, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, লালবাগ: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে মুর্শিদাবাদের লালবাগে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাইকেল র্যালি। পরিবেশ রক্ষা, সুস্বাস্থ্য বজায় রাখা এবং দূষণমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয় লালবাগ জুড়ে।
র্যালির সূচনা হয় রোশনবাগ বিএসএফ ক্যাম্প থেকে। পতাকা নেড়ে কর্মসূচির শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা শাসক পূজা মীনা, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সৌমেন মন্ডল-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং এমসিসি দলের সদস্যরা।
র্যালিটি রোশনবাগ থেকে শুরু হয়ে লালবাগ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। অংশগ্রহণকারীরা সাইকেল চালানোর উপকারিতা, পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। র্যালি চলাকালীন বিভিন্ন এলাকায় পথচারী ও স্থানীয় বাসিন্দারাও উৎসাহের সঙ্গে কর্মসূচিকে সমর্থন জানান।
বিশেষ আকর্ষণ ছিল ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদ চত্বর অতিক্রম করে র্যালির অগ্রসর হওয়া। পরে লালবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে র্যালির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশ দূষণ এবং বিভিন্ন জীবনযাত্রাজনিত রোগের ঝুঁকি ক্রমশ বাড়ছে। সেই পরিস্থিতিতে নিয়মিত সাইকেল চালানো একদিকে যেমন শরীরকে সুস্থ রাখে, অন্যদিকে পরিবেশ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সকলেই ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বেশি করে আয়োজনের আহ্বান জানান।
ক্যাপশন: “পরিবেশ বাঁচাতে, সুস্থ থাকতে—বিশ্ব সাইকেল দিবসে লালবাগ জুড়ে সচেতনতার র্যালি”

