সর্বশেষ খবর
২৫ টাকা লিটার! এবার ১০০ শতাংশ ইথানলেই চলবে গাড়ি, বড় দাবি নীতিন গাদকারির
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: দেশে পেট্রল-ডিজেলের আকাশছোঁয়া দামের বাজারে এক বিশাল বিকল্পের হদিশ দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। দিল্লির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেছেন, আগামী দিনে গাড়ি চালাতে আর পেট্রলের প্রয়োজনই পড়বে না। সম্পূর্ণ ১০০ শতাংশ ইথানলেই চলবে গাড়ি। আর এর ফলে জ্বালানির খরচ কমে দাঁড়াবে লিটার প্রতি মাত্র ২৫ টাকা।
কেন্দ্রীয় মন্ত্রীর এই অভিনব এবং চাঞ্চল্যকর দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। নীতিন গাদকারি জানিয়েছেন, আগামী অক্টোবর মাসেই সম্পূর্ণ ইথানল চালিত গাড়ি বাজারে লঞ্চ করা হবে। এই গাড়িগুলিতে পেট্রলের কোনো উপযোগিতাই থাকবে না। ফলে মধ্যবিত্তের পকেটের বোঝা অনেকটাই হালকা হবে এবং মনে হবে যেন মাত্র ২৫ টাকা লিটার দরে পেট্রল কিনে গাড়ি চড়ছেন গ্রাহকেরা।
তবে এই ঘোষণার সমান্তরালে অন্য এক বিতর্কও মাথা চাড়া দিয়েছে। বর্তমানে সরকার নির্ধারিত নীতি অনুযায়ী পেট্রলে ইথানল মিশ্রণ করা হচ্ছে। কিন্তু আমজনতার একাংশের দাবি, তাঁদের ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হোক। নিত্যযাত্রীদের অভিযোগ, ইথানল মিশ্রিত তেলের কারণে পুরনো গাড়ি ও বাইকের মাইলেজ কমে যাচ্ছে। একই সঙ্গে গাড়ির ইঞ্জিন এবং ফুয়েল ট্যাঙ্কেও নানা ধরনের যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে।
এই বিতর্কের আবহেই কেন্দ্রীয় মন্ত্রীর দুই পুত্র নিখিল গাদকারি ও সারং গাদকারি এবং তাঁদের সংস্থা সায়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। প্রথম থেকেই দুই পুত্রের ব্যবসায়িক স্বার্থের পক্ষে ঢাল হয়ে দাঁড়াতে দেখা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। ফলে ইথানল ব্যবহারে মন্ত্রীর এই বাড়তি আগ্রহের পিছনে অন্য কোনো সমীকরণ রয়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। সব মিলিয়ে, অক্টোবরে ইথানল গাড়ির আত্মপ্রকাশ দেশের পরিবহণ ক্ষেত্রে নতুন বিপ্লব আনে নাকি বিতর্ক আরও বাড়ায়, সেটাই এখন দেখার।

