বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

আজ কিছু শব্দের খুব প্রয়োজন, বাবা

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
আজ কিছু শব্দের খুব প্রয়োজন, বাবা
পূরব ব্যানার্জীপূরব ব্যানার্জী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আজ কিছু শব্দের খুব প্রয়োজন, বাবা

পূরব ব্যানার্জী


বাবা,
আজ আর কবিতা আসে না আমার কলমে —
অথচ বুকের ভেতর
কত না-বলা কথা জমে আছে,
কত অশ্রু, কত দীর্ঘশ্বাস,
কত অদৃশ্য ক্ষত
নীরবে রক্তাক্ত করে যায়
প্রতিটি মুহূর্ত।
মা যখন চলে গেল,
তখন তোমার কাঁপা কাঁপা হাত
ছিল আমার মাথার উপর,
তোমার চোখের জল লুকোনো দৃঢ়তায়
আমি খুঁজে পেয়েছিলাম বেঁচে থাকার সাহস।
তখন বুকভরা কষ্ট
শব্দ হয়ে ঝরে পড়ত,
কবিতারা এসে
নিরিবিলি পাশে বসত,
আমাকে সান্ত্বনা দিত।
মায়ের কাছে আবদার ছিল,
ভালোবাসায় ছিল জোর,
অভিমানে ছিল অধিকার—
সেসব যেন জন্ম থেকেই পাওয়া।
আর তুমি?
তোমার ভালোবাসার চারপাশে
ছিল শাসনের এক অদৃশ্য দেয়াল,
তাই তোমাকে বুকের কাছে পেয়েও
কতবার যে দূরে সরে থেকেছি,
কতবার যে বলতে পারিনি—
“বাবা, তোমাকে খুব ভালোবাসি।”
আজ বুঝি,
তোমার কঠিন কথার আড়ালেও
কত কোমল ছিল হৃদয়,
তোমার নীরবতার ভেতরেও
কত গভীর ছিল ভালোবাসা।
আজ তুমি নেই—
আর এই একটি সত্য
আমার সমস্ত পৃথিবীকে
অচেনা অন্ধকারে ঢেকে দিয়েছে।
আজ মনে হয়,
ইচ্ছে করলেই তো তোমাকে
জড়িয়ে ধরতে পারতাম,
তোমার বুকে মাথা রেখে
আমার সমস্ত ক্লান্তি,
সমস্ত ভয়,
সমস্ত যন্ত্রণা
নিঃশব্দে রেখে আসতে পারতাম।
কিন্তু—
বুঝতে এত দেরি হয়ে গেল, বাবা!
জীবনের শেষ দিন পর্যন্ত
এই আফসোসটাই বোধহয়
আমার বুকের গভীরে
একটি অসমাপ্ত কবিতা হয়ে থাকবে।
আজ আমি বড় অসহায়, বাবা।
জীবনের শেষ আশ্রয়টুকুও
হাতছাড়া হয়ে গেছে।
তুমি চলে গিয়ে
শুধু আমাকে একা করোনি—
আমার মাথার উপর থেকে
একটা পুরো আকাশটাই
সরিয়ে নিয়ে গেছ।
চারদিকে এখন
শুধুই শূন্যতা,
নিঃস্বতা,
দিশাহীন পথ।
জীবন যেন দাঁড়িয়ে আছে
এক অনির্দিষ্ট গন্তব্যের সামনে—
পথ আছে,
কিন্তু পথ দেখানোর মানুষটি নেই।
তবু বাবা,
আমাকে যেতে হবে।
যারা আজও
আমার মুখের দিকে তাকিয়ে আছে,
যাদের চোখে আমার হাসিটুকুই
বেঁচে থাকার কারণ—
তাদের জন্য আমাকে হাসতে হবে।
আমার চোখের জল
আমাকেই মুছে ফেলতে হবে,
আমার ভাঙা হৃদয়
আমাকেই জোড়া লাগাতে হবে।
কারণ তুমি তো শিখিয়েছিলে—
ঝড় যতই প্রবল হোক,
মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়;
পথ যতই কঠিন হোক,
পা থামিয়ে দিতে নেই।
তাই আজ
শেষবারের মতো তোমার কাছে
কিছু শব্দ চাই, বাবা—
একটু সাহস চাই,
একটু আশীর্বাদ চাই।
আমার কলমে আবার
শব্দ ফিরিয়ে দিও,
আমার চোখে আবার
স্বপ্ন ফিরিয়ে দিও।
যেন তোমার রেখে যাওয়া
ভালোবাসার আলো হাতে নিয়ে
জীবনের বাকি পথটুকু
আমি হেঁটে যেতে পারি।
যারা আমারই মুখ চেয়ে আছে,
তাদের জীবনটা
হাসি আর ভালোবাসায় ভরে দিতে পারি।
আর যখন কোনো এক নির্জন রাতে
আবার তোমাকে খুব মনে পড়বে,
আমি আকাশের দিকে তাকিয়ে বলব—
“বাবা, দেখো…
তোমার ছেলেটা এখনও হেরে যায়নি।
তুমি নেই,
তবু তোমার হাতটা
এখনও আমার মাথার উপরেই আছে।”
তখন হয়তো
আমার বুকের জমে থাকা
অসংখ্য না-বলা কথা
আবার কবিতা হয়ে ঝরবে—
আর সেই কবিতার প্রতিটি শব্দে
তুমি থাকবে, বাবা…
মা থাকবে…
থাকবে তোমাদের ভালোবাসা—
আমার জীবনের
শেষ আশ্রয় হয়ে।

আরও খবর