সর্বশেষ খবর
মুসলিম ন্যাটোয় ঢাকা? সলতে পাকানো শুরু বাংলাদেশে
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কি ‘মুসলিম ন্যাটো’র ছাতার তলায় যেতে চলেছে বাংলাদেশ? বৃহস্পতিবার ঢাকার সংসদ অধিবেশনে বিদেশমন্ত্রী খলিলুর রহমানের দেওয়া এক বিবৃতিতে কিন্তু সেই জল্পনাই তীব্র হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমন্ত্রণ পেলে এই সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করবে বাংলাদেশ।
কূটনৈতিক শিবিরের মতে, ইসলামি দেশগুলিকে প্রতিরক্ষা ক্ষেত্রে এককাট্টা করতে তৈরি হওয়া ‘মক্কা চুক্তি’ বা ‘মুসলিম ন্যাটো’ আন্তর্জাতিক রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ। আপাতত এই চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। এবার সেই তালিকায় নাম লেখাতে মরিয়া ঢাকা। ওপার বাংলার বিদেশমন্ত্রীর দাবি, এই চুক্তি আসলে মুসলিম সমাজের একটি আত্মরক্ষার ব্যবস্থা। এটি সম্পূর্ণভাবে মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তাই এই সিদ্ধান্ত নিয়ে বাইরের কোনও দেশের উদ্বেগের কোনও কারণ নেই।
একই সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও। বাংলাদেশের সংসদ অধিবেশন চলাকালীন এই বিষয়ে প্রশ্ন উঠলে বিদেশমন্ত্রী বলেন, “আমাদের মনে রাখতে হবে, এই চুক্তি যদি বিস্তৃত হয় তবে তা হবে মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং, এটি নিয়ে অন্য কারও উদ্বেগের কোনো অবকাশ নেই।” এর আগে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, “মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলোর মধ্যে যদি কোনও নিরাপত্তা চুক্তি হয়, তবে আমাদের সেখানে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা অস্বাভাবিক নয়। এটিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।” অর্থাৎ তাঁর মতে, মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলির নিরাপত্তা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ একেবারেই অস্বাভাবিক নয়। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, বাংলাদেশে মৌলবাদী মানসিকতার যে বিস্তার ঘটছে, এই পদক্ষেপ তারই প্রতিফলন। দিল্লির সাউথ ব্লকের নজরও এখন ঢাকার এই নতুন কূটনৈতিক চালের দিকে।

