বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

চিরন্তন বন্ধুত্ব

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
চিরন্তন বন্ধুত্ব
দীপ্র ভট্টাচার্যদীপ্র ভট্টাচার্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

বাইরের কোলাহল আর চেনা বন্ধুদের ভিড়ে আমরা কি মাঝে মাঝে বড্ড একা হয়ে পড়ি ? যাকে সবচেয়ে আপন ভাবি, পরিস্থিতিভেদে সে-ও কখনো পর হয়ে যায়। তাহলে এই সংসারে আমাদের আসল বন্ধু কে? যে কখনো ছেড়ে যায় না, যে আমাদের সব ভালো-মন্দ নিয়ে জড়িয়ে থাকে?

আজ থেকে হাজার হাজার বছর আগে, ভারতের ঋষিরা ঋগ্বেদ এবং মুণ্ডক উপনিষদে এই প্রশ্নের এক অপূর্ব উত্তর দিয়ে গেছেন। তাঁরা কোনো তাত্ত্বিক উপদেশের বদলে আমাদের শুনিয়েছেন দুটি পাখির গল্প—এক চিরন্তন বন্ধুত্বের গল্প।

এক গাছে দুই পাখির গল্প আমরা উপনিষদে পাই। বেদান্ত আমাদের কল্পনার চোখে একটি গাছের ডালে নিয়ে যায়। সেই গাছে পাশাপাশি দুটি চমৎকার পাখি বসে আছে। তারা একে অপরের পরম বন্ধু, অভেদ্য সহচর। কিন্তু তাদের স্বভাব একদম আলাদা। প্রথম পাখিটি ছটফটে। সে গাছের ডালে ডালে ঘোরে, ফলের খোঁজে ডানা ঝাপটায়। কখনো মিষ্টি ফল খেয়ে সে আনন্দে শিস দেয়, আবার কখনো তেতো ফল খেয়ে বিরক্তি দেখায়। আর দ্বিতীয় পাখিটি? সে শান্ত, সমাহিত এবং সবসময়ই পরম তৃপ্ত। সে কেবল ভালোবেসে তার বন্ধুকে দেখে যায়।

এরা আসলে 'আমরা' আর আমাদের 'অন্তর্যামী'। একটু গভীরভাবে ভাবলেই বুঝব, এই গাছটি আসলে আমাদের এই জীবন। আর পাখি দুটি অন্য কেউ নয়, আমাদেরই দুটি রূপ। প্রথম পাখিটি হলো আমাদের 'জীবাত্মা'; অর্থাৎ আমাদের মন ও অহংকার। যা সংসারের সুখ-দুঃখ, লাভ-ক্ষতির চক্রে প্রতিনিয়ত দুলছে। আজ কিছু পেয়ে আমরা আনন্দে আত্মহারা, কাল প্রিয়জন হারালে শোকে মুহ্যমান। দ্বিতীয় পাখিটি হলো 'পরমাত্মা' ; আমাদের ভেতরের শুদ্ধ চৈতন্য বা ঈশ্বর। অদ্বৈতবাদের ভাষায় বলতে গেলে, ইনিই আমাদের আসল ‘স্বরূপ’। আমরা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়ার সময়ও আমাদের ভেতরে এই শান্ত সত্তাটি অপরিবর্তিত থাকে।

বন্ধুত্বের পরম সত্য এখানেই। আমরা যখন সংসারের তেতো ফল খেয়ে ক্লান্ত হয়ে পড়ি, হাহাকার করে উঠি, ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে। প্রথম পাখিটি (আমরা) ওপরের ডালে বসা তার শান্ত বন্ধুটির দিকে তাকায়। সে বুঝতে পারে, এতকাল যাকে সে বাইরে খুঁজছিল, সে তো তার সবচেয়ে কাছেই বসে আছে!

বেদান্তের অদ্বৈতবাদ আমাদের এই পরম সত্যই শেখায়—'তৎ ত্বম অসি' (তুমিই সেই)। অর্থাৎ, পরমাত্মা আমাদের থেকে আলাদা কেউ নন। আমরা যখন আমাদের ভেতরের এই দিব্য সত্তার সাথে বন্ধুত্ব করতে পারি, তখনই জীবনের সব ভয় ও শোক দূর হয়ে যায়। স্বামী বিবেকানন্দও বারবার বলেছেন, বাইরের জগতে আমরা যে ভালোবাসা আর বন্ধুত্বের সন্ধান করি, তা আসলে আমাদের নিজেদের ভেতরের এই ঈশ্বরীয় রূপকে চেনারই এক ব্যাকুল চেষ্টা। রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারার মূল সুরটি এখানেই ধরা পড়ে। শ্রীরামকৃষ্ণ বলতেন, ভগবান তো বাইরের কেউ নন, তিনি আমাদের 'হৃদয়ের অন্তর্যামী'। বাইরের বন্ধুরা আমাদের সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু ভেতরের এই নিঃশব্দ বন্ধুটি আমাদের দেয় শাশ্বত শান্তি।

আসুন, আজ এই বন্ধুত্ব দিবসের উদযাপনের মধ্যে দিয়ে আমরা বাইরের কোলাহলকে একটু থামাই। নিজেদের ভেতরে তাকাই। পরমাত্মা বন্ধুকে খুঁজি। সেখানে আমাদের পরম বন্ধুটি যুগ যুগ ধরে অপেক্ষা করে আছে—কেবল একটিবার তাঁর দিকে ফিরে তাকানোর জন্য।

আরও খবর