সর্বশেষ খবর
মানসিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে GIMSH-এর অভিনব উদ্যোগ, মিলবে বিনামূল্যে চিকিৎসা
প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, পানাগড়: মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল (GIMSH) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১ অক্টোবর থেকে আগামী সাত সপ্তাহের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মানসিক স্বাস্থ্য শিবিরের সূচনা করা হয়েছে।
এই অভিযানের আওতায় মানসিক স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগতে থাকা মানুষদের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। এর মধ্যে শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কাউন্সেলিং, মনস্তাত্ত্বিক মূল্যায়ন (Psychological Evaluation), স্পিচ থেরাপি (Speech Therapy), ঘুম সংক্রান্ত সমস্যার চিকিৎসা, নেশামুক্তি চিকিৎসা, বার্ধক্যজনিত মানসিক স্বাস্থ্য পরিষেবা, টেলি-সাইকিয়াট্রি পরামর্শ, মানসিক পুনর্বাসন এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রত্যেক রোগীর সমস্যা ও প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে আলাদাভাবে চিকিৎসার পরিকল্পনা (Personalized Treatment Plan) তৈরি করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত জড়তা ও ভ্রান্ত ধারণা দূর করা এবং অভাবী মানুষদের সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা প্রদান করা।
GIMSH-এর অধ্যক্ষ তথা ডিন অধ্যাপক ডাঃ কৃপাসিন্ধু চ্যাটার্জি বলেন যে, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুখ ও সুস্থ জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আর্থিক অনটনের কারণে কোনো ব্যক্তি যেন মানসিক স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ শুরু করা হয়েছে। তিনি সাধারণ মানুষকে এই বিনামূল্যে দেওয়া পরিষেবার সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

