সর্বশেষ খবর
কালীঘাট তৃণমূল ছাড়লেন মদন মিত্র
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের এক বিরাট বিস্ফোরণ। ‘কালীঘাট তৃণমূল’ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে বেরিয়ে গেলেন কামারহাটির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। চিরপরিচিত মেজাজে চোখে কালো রোদচশমা এবং সাদা পাঞ্জাবি পরে নিজের এই বড় সিদ্ধান্তের কথা জানান বাংলার রাজনীতির অন্যতম এই ‘রঙিন’ চরিত্র।
রাজনৈতিক মহল মনে করছে, এই ভাঙন মমতা শিবিরের জন্য অত্যন্ত বড় একটি ধাক্কা। কারণ মদন মিত্রকে চিরকালই দলনেত্রীর অন্যতম বড় আস্থাভাজন বলে মনে করা হতো। গত কয়েক দিন ধরেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা বাড়ছিল। সেই জল্পনাতেই আজ কার্যত সিলমোহর পড়ল।
ঘটনাচক্রে, মঙ্গলবারই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের স্ত্রী এবং দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের নোটিস পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই নোটিস পাওয়ার পর মঙ্গলবার রাতেই সন্দীপন সাহার বাড়িতে চলে যান মদন। মাঝরাতে দুই নেতার এই বৈঠক ঘিরেই রাজ্য রাজনীতিতে দলবদলের পারদ চড়তে শুরু করেছিল। বুধবার দুপুরে সোজা বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে সেই জল্পনা সত্যি করলেন কামারহাটির বিধায়ক।
শুভেন্দুর শিবিরে যোগ দিয়েই নিজের চেনা ডায়লগ ও ভঙ্গিতে মদন মিত্র বলেন, “তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই রইলাম। কেবল এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল। এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে। আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম।” মদনের এই দলবদলকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

