সর্বশেষ খবর
পানাগড়ে ট্রাক-ডাম্পার ধাক্কা, পুড়ে মৃত্যু চালকের
প্রকাশিত: ২৯ মে, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার রাতে কাঁকসায় একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে রড বোঝাই ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। এর জেরে দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। ডাম্পারের মধ্যেই পুড়ে গিয়ে মৃত্যু হয়েছে চালকের। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁকে রাত সাড়ে ৯টা পর্যন্ত গাড়ি থেকে বার করা যায়নি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে, ডাম্পার ও ট্রাকের মধ্যে আর কেউ আছে কি না, তা পুলিশ বা দমকল জানাতে পারেনি। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা ১৫ নাগাদ পাথর বোঝাই ডাম্পারটি পানাগড়ের দিকে যাচ্ছিল। ট্রাকটি বীরভূমের ইলামবাজারের দিকে যাচ্ছিল। কাঁকসার দু’নম্বর কলোনি এলাকায় পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষের জেরে দু’টি গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে পানাগড় থেকে আসে দমকলের দু’টি ইঞ্জিন। কাঁকসা থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ-সভাপতি রমন শর্মা।
পুলিশ জানিয়েছে, এর জেরে যাতে বড়সড় দুর্ঘটনা না ঘটে, তাই এলাকাটি ঘিরে দেওয়া হয়। এই পথে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আগুন নেভাতে ফোমের ব্যবহার করা হয়েছে। তবে এই ঘটনার ফলে রাস্তায় ব্যাপক জ্যামের পরিস্থিতি তৈরি হয়। দুরপাল্লার বাসগুলিকে ঘুর পথে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।

