সর্বশেষ খবর
লাইনে রিলস আর স্টান্টবাজি, তিন মাসে ধৃত ৮৫৩
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তার লাইক-কমেন্টের চক্করে পড়ে রেললাইনে রিলস বানানো এবং বিপজ্জনক স্টান্টবাজির দাপট দিন দিন বাড়ছে। ট্রেনের সামনে দাঁড়িয়ে বুক কাঁপানো ভিডিও করতে গিয়ে এবার বড়সড় পদক্ষেপ করল রেল পুলিশ। গত মাত্র তিন মাসে রেললাইনে এই ধরণের বিপজ্জনক কেরামতি দেখাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৮৫৩ জন। শুধু তাই নয়, লাইনের ওপর মোবাইলের ক্যামেরা অন করে ঘুরে বেড়ানো এবং নিয়ম ভেঙে রেললাইন পারাপার করার অপরাধে আরও কয়েকশো মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রেল।
রেল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা এড়াতে স্টেশনগুলিতে ফুট ওভার ব্রিজ, রোড ওভার ব্রিজ কিংবা আন্ডার ব্রিজের সুবন্দোবস্ত থাকা সত্ত্বেও বহু যাত্রী স্রেফ শর্টকাট মারতে লাইনের ওপর দিয়ে পারাপার করেন। এই নিয়ে রেলের তরফে প্রতিনিয়ত মাইকিং ও প্রচার চালানো হলেও, আমজনতার একাংশের মধ্যে সচেতনতা বাড়ার কোনও লক্ষণই নেই। উল্টে ইদানীং যুক্ত হয়েছে মোবাইলের রিলস সংস্কৃতি।
রেল পুলিশের নজরে এসেছে একাধিক চাঞ্চল্যকর দৃশ্য। কখনও দেখা যাচ্ছে তীব্র গতিতে ট্রেন উল্টো দিক থেকে আসছে, আর তার ঠিক সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন কোনও যুবক। কখনও আবার চলন্ত ট্রেনের দরজায় ঝুলে বা ট্রেনের পাশাপাশি সমান্তরালভাবে দৌড়ে ভিডিও শুট করা হচ্ছে। এমনকি রেললাইনের ওপরেই দেদার চলছে প্রি-ওয়েডিং শুটও। এই সব হঠকারী হুজুগের জেরেই মাঝেমধ্যেই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা, অকালে ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার আর শুধু প্রচার নয়, কড়া আইনি পদক্ষেপ নিতে কোমর বেঁধে নেমেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)।

