‘যে কোনো জায়গায় কাউন্সিলর পদে জিতে দেখান’, মমতাদিকে খোলা চ্যালেঞ্জ পুরমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি: এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতা পুরভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করে জিতে দেখানোর চ্যালেঞ্জ আগেই দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই চ্যালেঞ্জের পরিধি আরও বাড়িয়ে দিয়ে পুরমন্ত্রী দাবি করলেন, কলকাতার পুর এলাকার বাইরে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে একটি কাউন্সিলরের টিকিট নিয়ে জিতে দেখান মমতাদি।
সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, ‘‘মমতাদি, পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় একটা কাউন্সিলারের টিকিট নিয়ে জিতে দেখান। দেখি আপনার কত জনসমর্থন রয়েছে।’’ রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর থেকেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। পুরমন্ত্রীর এই প্রকাশ্য এবং নজিরবিহীন চ্যালেঞ্জ সেই পারদকে আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান নেত্রীর জনভিত্তি নিয়ে প্রশ্ন তুলে সরাসরি তৃণমূলের অন্দরে বড়সড় ধাক্কা দিতেই এই রণকৌশল নিয়েছেন বর্তমান পুরমন্ত্রী, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই মন্তব্যের পর ঘাসফুল শিবিরের পালটা প্রতিক্রিয়া কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

