বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

জগদ্ধাত্রী পুজোর আগে ঐতিহ্য ও আবেগে ভাসছে চন্দননগর-ভদ্রেশ্বর

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬
জগদ্ধাত্রী পুজোর আগে ঐতিহ্য ও আবেগে ভাসছে চন্দননগর-ভদ্রেশ্বর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: হাতে আর মাত্র কয়েকটা দিন, তার পরেই শুরু জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। উৎসবের প্রস্তুতিতে এখন থেকেই সেজে উঠতে শুরু করেছে সাবেক ফরাসি উপনিবেশ চন্দননগর ও ভদ্রেশ্বর। সাজে-সজ্জায়, বাহারে-আড়ম্বরে এবং আয়োজনের জোরালো তাগিদে ধীরে ধীরে ভোল বদলাচ্ছে গোটা জনপদ। পুজোর মরশুম এলেই প্রতি বারের মতো এ বারও শুরু হয়েছে শিকড়ের সন্ধান। প্রাচীনত্বের দাবি ও নিখাদ ঐতিহ্যের খোঁজে মেতেছেন শহরবাসী। এরই সঙ্গে ফের উসকে উঠেছে চিরাচরিত সেই বিতর্ক— জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্যে চন্দননগর এগিয়ে, না কি কৃষ্ণনগর?

তথ্য বলছে, ১৯৬২ সালে চন্দননগরে মাত্র ২৬টি পুজো নিয়ে যে পথচলা শুরু হয়েছিল, আজ তা এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। বর্তমানে এখানে সরকারি অনুমোদিত পুজোর সংখ্যাই ১৮০টি। এ বছর আরও একটি পুজো বাড়ার ইঙ্গিত মিলেছে। এর পাশাপাশি বনেদি বাড়ির পুজো মিলিয়ে চন্দননগর ও ভদ্রেশ্বর জুড়ে আরও অন্তত ১০০টি পুজো অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে গোটা শহর জুড়ে এখন শুধুই উৎসবের আমেজ এবং ইতিহাসের পাতা ওল্টানোর পালা।
চন্দননগরের পুজোর এই বিশাল ব্যাপ্তি প্রসঙ্গে চন্দননগর জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানান, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে চর্চা চিরকালই থাকবে। তবে তাঁর মতে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কেবল ঐতিহ্য নয়, এটি সাধারণ মানুষের আবেগের অন্য নাম। নাগরিক উদ্যোগেই এই উৎসব আজ যে উচ্চতায় পৌঁছেছে, তা এক কথায় নজিরবিহীন।
শুভজিৎবাবু আরও জানান, প্রতি বছরই কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত পুজোর সংখ্যা ক্রমশ বাড়ছে। এ বারও নতুন একটি পুজোকে কমিটির আওতায় আনার পরিকল্পনা চলছে। পুজো উদ্যোক্তাদের দাবি, চন্দননগর যে ভাবে জগদ্ধাত্রী পুজোকে বিশ্বমানের আঙ্গিকে তুলে ধরেছে, তা নিজেই এক নতুন ইতিহাস তৈরি করেছে। হেমন্তের মিঠে বাতাসে এখন শুধুই ঢাকের কাঠির আওয়াজ শোনার অপেক্ষা।

আরও রাজ্য খবর