দীপান্বিতা অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, তারা অঙ্গে শ্যামারূপে পূজিত হবেন মা তারা
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: দীপান্বিতা কালীপুজো উপলক্ষে সকাল থেকেই বীরভূমের তারাপীঠের মা তারা মন্দিরে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। বিশেষ এই দিনে রাতে তারা অঙ্গে শ্যামারূপে পূজিত হবেন মা তারা। মায়ের এই বিশেষ রূপ দর্শন করতে ভোর থেকেই দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম শুরু হয়েছে। সর্বসাধারণের দর্শনের জন্য মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে।
এদিন মায়ের দুপুরের ভোগে থাকছে পাঁচ রকম ভাজা, দই, মিষ্টি, পায়েস, শোল মাছ-সহ বলির প্রসাদ ও অন্যান্য নিবেদন। পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও করেছে মন্দির কমিটি। দীপান্বিতা উপলক্ষে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। নিরাপত্তার দিকেও রয়েছে বিশেষ নজর। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি পুলিশ প্রশাসন ও মন্দির কমিটির সদস্যরা সর্বক্ষণ সতর্ক রয়েছেন। রাতে তারা অঙ্গে মা তারার শ্যামারূপ দর্শনের অপেক্ষায় রয়েছেন অসংখ্য ভক্ত।

