ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা নাগরাকাটা! বাড়ছে পর্যটকদের আনাগোনা
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডুয়ার্সের চেনা পর্যটন কেন্দ্রগুলির ভিড় এড়িয়ে ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা হয়ে উঠছে মধ্য ডুয়ার্সের অফবিট এলাকা নাগরাকাটা। অপার প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের টানে ইদানীং এখানে পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে। স্থানীয়দের দাবি, ডুয়ার্সের অন্যান্য জায়গার তুলনায় নাগরাকাটার রূপ যেন আরও অনেক বেশি স্নিগ্ধ ও মনোরম। তাই এখানে একবার ঘুরতে এলে পর্যটকেরা বারবার ফিরে আসার টান অনুভব করেন।
ভারত-ভুটান সীমান্ত লাগোয়া এই অঞ্চলে গোরুমারা ও চাপরামারি অভয়ারণ্যের গা ঘেঁষে একাধিক নজরকাড়া ভিউপয়েন্ট গড়ে উঠেছে। সবুজ চা বাগান, পাহাড়, নদী আর গভীর জঙ্গল— সব মিলিয়ে প্রকৃতি যেন এখানে নিজ হাতে ছবি এঁকে রেখেছে। শুধু প্রাকৃতিক দৃশ্যই নয়, বন্যপ্রাণ দেখার সুযোগও এখানে প্রচুর। জঙ্গলের ধার ঘেঁষে যাওয়া রাস্তায় মাঝেমধ্যেই দেখা মেলে হাতি, একশৃঙ্গ গন্ডার কিংবা মায়াবী হরিণের দলের। এমনকি গাড়িতে করে জঙ্গলের বুক চিরে যাওয়ার সময় আচমকা চিতাবাঘের দর্শন পাওয়াও এখানে বিরল ঘটনা নয়।
তবে নাগরাকাটার অন্যতম বড় আকর্ষণ হল আকাশ পরিষ্কার থাকলে এখানকার বিভিন্ন প্রান্ত থেকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। সবুজ জঙ্গল আর চা বাগানের মাথায় উঁকি দেওয়া তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা।
পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরাও। এলাকার হোমস্টে মালিকদের কথায়, শহর জীবনের কোলাহল থেকে দূরে দু’দণ্ড শান্তিতে কাটাতে অনেকেই এখন নাগরাকাটাকে বেছে নিচ্ছেন। আগামী দিনে পরিকাঠামোর আরও কিছুটা উন্নতি হলে মধ্য ডুয়ার্সের এই জনপদ পর্যটন মানচিত্রে আরও উজ্জ্বল হয়ে উঠবে বলেই আশাবাদী সকলে।

