গুলিবিদ্ধ পুলিশকর্মীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কড়া বার্তা শুভেন্দুর
নিজস্ব প্রতিনিধিঃ অভিযুক্তকে ধরতে গিয়ে দুষ্কৃতীর গুলিতে জখম শান্তিনিকেতনের পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আহত ওই পুলিশকর্মীর রক্ত কোনও ভাবেই বৃথা যাবে না। একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারকে সরাসরি দায়ী করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে এই ধরনের অপরাধীরা আগের সরকারের আমলেই তৈরি হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনস্টেবল বিশ্বজিৎকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তিনি অভিযুক্ত রতন শেখের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। তাঁকে ‘কুখ্যাত অপরাধী’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। রাজ্যে সরকার বদলের পর সে গ্রেফতারও হয়েছিল। শুভেন্দুর অভিযোগ, এই অপরাধীরা তৃণমূল সমর্থিত দুষ্কৃতী এবং অতীতে ভোটলুটের মতো কাজে যুক্ত ছিল।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ইতিমধ্যেই অন্তত চারটি ক্ষেত্রে অভিযুক্তদের ‘এনকাউন্টার’ করার ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান, রতন শেখের ক্ষেত্রেও কি তেমন কোনও পদক্ষেপ করা হবে? অভিযুক্তকে কি ‘জমা-খরচ’ করা হবে? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এ ধরনের পরিস্থিতিতে পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে দাঁড়িয়ে অর্থাৎ ‘অন স্পট’ সিদ্ধান্ত নেন।
তবে ব্যক্তিগত ভাবে তিনি আইনি পথেই শাস্তির পক্ষে সওয়াল করেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আইন অনুযায়ী অভিযুক্ত রতন শেখকে বিচারপ্রক্রিয়ার আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক, এটাই তিনি চান। তাঁর কথায়, আইনগত ভাবে রতন শেখের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার, প্রশাসন তা নেবে। বর্তমানে পুলিশ সক্রিয় ভাবে কাজ করছে এবং যা কিছু পদক্ষেপ করা হবে, তা সম্পূর্ণ আইনি পথেই হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

