আবাসের টাকা ফেরাতে কড়া নবান্ন, ৩১ ডিসেম্বরের মধ্যে ফেরত না দিলে এফআইআর
নিজস্ব প্রতিনিধি: গ্রামীণ আবাস যোজনায় বেআইনিভাবে সরকারি অনুদান নেওয়া অযোগ্য উপভোক্তাদের বিরুদ্ধে এবার চরম কড়া পদক্ষেপ করতে চলেছে নবান্ন। ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা উদ্ধারে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল রাজ্য প্রশাসন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ওই টাকা সরকারি তহবিলে ফেরত দিতে হবে। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপভোক্তারা টাকা ফেরত না দেন, তবে তাঁদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
রাজ্যের নতুন সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পক্ষ থেকে নথি ও তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর দেখা গিয়েছে, পূর্বতন তৃণমূল সরকারের আমলে আবাস প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছিল। প্রাথমিক স্ক্রুটিনিতে প্রায় ১২ হাজার এমন অযোগ্য উপভোক্তা চিহ্নিত হয়েছেন, যাঁরা নিয়ম বহির্ভূতভাবে এই আবাসন প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছিলেন। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এই চিহ্নিত ব্যক্তিদের নোটিস পাঠানো শুরু হয়েছে এবং কিছু ক্ষেত্রে টাকা উদ্ধারও করা গিয়েছে। তবে ৩১ ডিসেম্বরের ডেডলাইনের পর আর কোনও রেয়াত করা হবে না। যাঁরা জেনেশুনে তথ্য গোপন করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করে কড়া আইনি পদক্ষেপ করবে নতুন প্রশাসন।

