কোয়াড মঞ্চে মোদিকে ‘দৃঢ় চরিত্রের মানুষ’ বললেন ট্রাম্প
নিজস্ব প্রতিনিধি: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পরেই সুর বদলাতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কনীতি থেকে শুরু করে ইরান যুদ্ধ— বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের বিদেশনীতিতে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এই আবহেই মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনে মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও। ২০২৪ সালের পর এই প্রথম চার দেশের শীর্ষ নেতারা কোয়াডের মঞ্চে একসঙ্গে মিলিত হলেন। বৈঠকের শুরুতে ফটোসেশনের সময় বেশ খোশমেজাজে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে।
পাশে দাঁড়ানো নরেন্দ্র মোদির দিকে আঙুল দেখিয়ে ট্রাম্প বলেন, ‘‘উনি একজন অত্যন্ত দৃঢ় চরিত্রের ব্যক্তি।’’ এর ঠিক পরেই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির দিকে তাকিয়ে হাসিমুখে তিনি যোগ করেন, ‘‘উনি সম্ভবত আরও বেশি দৃঢ় চরিত্রের মানুষ।’’ কোয়াডের বাকি তিন রাষ্ট্রপ্রধানকেই নিজের ‘বন্ধু’ এবং ‘অসাধারণ মানুষ’ বলে সম্বোধন করেন ট্রাম্প। ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক যে অত্যন্ত মজবুত, সে কথাও এ দিন স্পষ্ট করে দেন তিনি।
অন্য দিকে, কোয়াডকে একটি ‘গঠনমূলক এবং বিশ্বস্ত অংশীদারিত্ব’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।
কূটনৈতিক মহলের মতে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে হারের পর ঘরোয়া রাজনীতিতে বেশ চাপে রয়েছেন ট্রাম্প। ভারতের সঙ্গে বাণিজ্য ও শুল্ক নিয়ে যে টানাপোড়েন চলছিল, তা কাটিয়ে মিত্র দেশগুলির সঙ্গে সম্পর্ক আবারও মসৃণ করতে চাইছে হোয়াইট হাউস। ম্যানিলার মঞ্চে মোদির প্রতি ট্রাম্পের এই প্রশংসাসূচক মন্তব্য সেই কূটনৈতিক সমীকরণেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

