দুঃখের তিনটি আশ্রয়
প্রাচীন দার্শনিকেরা বলতেন, অবিদ্যাই আমাদের যত কিছু দুঃখের কারণ। কথাটা খুবই সত্য। অবিদ্যা চেতনার সংকোচন ছাড়া আর কিছু নয়। চেতনার সংকোচে দুঃখ এবং চেতনার প্রসারে আনন্দ—এটিকে আমরা একটা জৈববিধান বলে মেনে নিতে পারি। দুঃখের তিনটি আশ্রয়—জ্ঞান, ইচ্ছা এবং বেদনা। আমরা ভুল করে জানি অথবা জানতে পারি না যে, প্রতিনিয়ত আমাদের ইচ্ছা ব্যাহত হয় অর্থাৎ বিফল হয় কিংবা বিপথে চলে, অন্ধপ্রাণ তার রসের পিপাসা মেটাবার সুযোগ পায় না—মোটামুটি এই নিয়ে আমাদের দুঃখ। এক কথায় এদের বলতে পারি অনর্থ অর্থাৎ যা আমরা চাই না অথচ যার ঝামেলা আমাদের পোয়াতেই হয়। সারা জগৎ জুড়ে এই অনর্থের করাল ছায়া, অথচ এই জগত সৎ-চিৎ-আনন্দের সৃষ্টি। আবার সেই প্রশ্ন : ব্রহ্মই যদি জগৎ হয়ে থাকেন, তাহলে এই জগতে অনর্থ এলো কোথা থেকে? তাহলে কি ব্রহ্ম চৈতন্যে তার বীজ রয়েছে? জগৎ রহস্য সম্বন্ধে কোন প্রশ্নের জবাব চক্রের ভেতর থেকে আমরা পেতে পারিনা, তার জন্য উঠতে হয় চক্রাবর্তনের ঊর্ধ্বে। সব চরম প্রশ্নের মীমাংসা হতে পারে একমাত্র ব্রহ্মচৈতন্যের ভূমি থেকে। অনর্থ যে জগতে আছে তা অস্বীকার করবার উপায় নেই কিন্তু এ জগতে অনর্থ ছাড়া আর কিছুই কি নেই? জীবনের সমস্ত দুর্দৈব ছাপিয়ে একটা বৃহত্তর কল্যাণ ও আনন্দের সম্ভবনা আছে মেনে নিয়েই মানুষ দিনের পর দিন দুর্দৈবের সঙ্গে লড়াই করে চলেছে। আপতিক অনর্থকে বড় করে দেখি বলেই তার বাইরে পরমার্থের অনুভব করতে পারি না। কিন্তু এটিও সত্য, পরমার্থের অনুভব আভাসেও যদি আমাদের মধ্যে ফোটে, তাহলে অনর্থের ভার লঘু হয়ে যায়, তাকে জয় করার শক্তিও আমরা পাই। এই পরমার্থই জ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। এক কথায় জীবনের মর্মমূলে একটা বৃহৎ সত্য চৈতন্য ও আনন্দের অনির্বাণ অনুভব আমরা করতে পারি। কিন্তু এই অনুভব সহজ নয়। দীর্ঘদিনের অভ্যাসে একে আবিষ্কার করতে হয়।

