ক্ষমতার কাছে নত!
টাকার যেমন আশ্চর্য ক্ষমতা আছে, মানুষের মনেরও সেই রকম অত্যাশ্চর্য ক্ষমতা মাঝে মধ্যেই প্রকাশ পায়। মনের এই অত্যাশ্চর্য ক্ষমতার প্রভাবে কোন ব্যক্তি একই সময়ে একই লোককে যুগপৎ ভক্তি এবং অশ্রদ্ধা করতে পারে। বহু ক্ষেত্রে অন্ধভক্তি অন্ধ মানুষের মতো অভ্যাসের পথ দিয়ে অনায়াসে চলে যায়। আমাদের মনের মধ্যে স্বভাবতই অনেকটা পরিমাণে জড়ধর্ম আছে। সেই কারণেই আমাদের মন অভ্যাসের গড়ানো পথে মোহের আকর্ষণে আপনিই পাথরের মত গড়িয়ে পড়ে, যুক্তি তাঁর মাঝখানে বাধা দিতে এলে যুক্তি চূর্ণ হয়ে যায়। রবীন্দ্রনাথ বলেছেন, যে ক্ষমতার কাছে মস্তক নত করলে মস্তকের অপমান হয়, যেমন টাকা, পদবি, গায়ের জোর এবং অমূলক প্রথা—যাকে ভক্তি করলে ভক্তি নিষ্ফলা হয়, অর্থাৎ চিত্তবৃত্তির প্রসার না ঘটে কেবল সংকোচন ঘটে, তার দুর্দান্ত শাসন থেকে মনকে স্বাধীন ও ভক্তিকে মুক্ত করা মনুষ্যত্ব রক্ষার প্রধান সাধনা। অমূলক বিনতি, অস্থানে বিনতি দুর্গতির কারণ হয়। এ কথা ঠিক যে, কোন সূত্রে যে লোক আমাদের ভক্তি আকর্ষণ করে, অলক্ষে, নিজের অজ্ঞাতসারে আমরা তাকে অনুকরণ করতে থাকি। ভক্তির ধর্মই হলো এই। কিন্তু যে বিষয়ে কোন লোক অসাধারণ, ঠিক সেই বিষয়েই সাধারণ লোকের পক্ষে তার অনুকরণ দুঃসাধ্য। ফলে যে অংশে সে সাধারণ লোকের থেকে উচ্চ নয়, এমনকি যে অংশে তার দুর্বলতা, সেই অংশেরই অনুকরণ দেখতে পাওয়া যায়। হীন কে ভক্তি করে হীনতা লাভ হয়। ভক্তি আমাদের ভক্তিভাজনের আদর্শের প্রতি স্বাভাবিক ভাবে আকর্ষণ করে বলেই সজীব সভ্য সমাজে কতকগুলি কঠিন বিচার প্রচলিত আছে। সাধারণের দৃষ্টি ও শ্রদ্ধা আকর্ষণ করে যে মানুষ সমাজ তাকে সকল বিষয়েই নিষ্কলঙ্ক রূপে দেখতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ সব সময়ে ছিল আছে এবং থাকবে যারা মন আর মুখকে এক করতে পারে না। নিজের স্বার্থের জন্য কখনো কারো প্রশংসা করে আবার ভিতরে ভিতরে ঈর্ষাগ্রস্ত হয়ে সেই একই মানুষেরই কঠোর নিন্দা ও সমালোচনা করে। আসলে যে মানুষ নিজেই অশান্তির কারণ, এবং সর্বদা অশান্তিতে ভোগে, যে মানুষ পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সর্বদাই অপরের প্রতি ঈর্ষান্বিত হয় সেই মানুষ সর্বত্রই অশান্তির সৃষ্টি করে।

