বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বালুরঘাটে ষাঁড়ের দাপটে অতিষ্ঠ শহরবাসী, মুক্তি কীভাবে উঠছে প্রশ্ন

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬
বালুরঘাটে ষাঁড়ের দাপটে অতিষ্ঠ শহরবাসী, মুক্তি কীভাবে উঠছে প্রশ্ন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: রাস্তা ও বাজার জুড়ে গরু ও ষাঁড়ের অবাধ বিচরণে প্রাণ হাতে করে পথ চলতে হচ্ছে বালুরঘাট শহরবাসীকে। বুধবার শহরের সাহেবকাছারি পাড়ায় একটি অসুস্থ ষাঁড়ের তাণ্ডবে জখম হন দু’জন, ভেঙে যায় একটি বাড়ির পাঁচিলও। জখমদের হাসপাতালে ভর্তি করাতে হয়। এর আগে দুর্গাপুজোর সময়েও মণ্ডপে ষাঁড় ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল। কিন্তু পরিকাঠামোর অভাব দেখিয়ে পুরসভা এবং বন দফতর— উভয় পক্ষই হাত তুলে নেওয়ায় আতঙ্ক আরও বেড়েছে নাগরিকদের মধ্যে।

বুধবার সাহেবকাছারিতে বিশাল ওই ষাঁড়টিকে বাগে আনতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন দমকল ও বন দফতরের কর্মীরা। বালুরঘাট পুরসভার পুরপ্রধান সুরজিৎ সাহা জানান, তাঁদের কাছে ষাঁড় ধরার প্রয়োজনীয় পরিকাঠামো নেই, তবে খবর পেলে দমকল ও পুরকর্মীদের পাঠানো হয়। অন্যদিকে, বন দফতরের এক আধিকারিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাগলা বা অসুস্থ ষাঁড় উদ্ধারের কোনও ব্যবস্থা তাঁদের নেই।

শুধু ষাঁড়ের আতঙ্কই নয়, শহরের বাসস্ট্যান্ড, সাধনামোড়, তহবাজার এমনকী জেলাশাসকের প্রশাসনিক ভবনের সামনেও গরু-বাছুরের ভিড়ে রোজ যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তায় পড়ে থাকা ফলের খোসা ও আবর্জনা খেতেই মূলত এই ভিড় জমে।

শহরবাসীর দাবি, গৃহপালিত গরু রাস্তায় ছেড়ে না রাখার জন্য মালিকদের অবিলম্বে সতর্ক করা হোক। দিপালীনগরের বাসিন্দা জিষ্ণু নিয়োগীর আক্ষেপ, গরু ধরে খোঁয়াড়ে দেওয়ার ব্যবস্থা থাকলেও মালিকানাহীন ষাঁড়দের উপর কোনও নিয়ন্ত্রণ নেই। পাশাপাশি, পরিবেশ সুরক্ষা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাকের অভিযোগ, বালুরঘাটের পশু চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক ও পরিকাঠামোর অভাবে অসুস্থ পশুদের উদ্ধার করে চিকিৎসারও কোনও বন্দোবস্ত নেই। প্রশাসনের এই উদাসীনতায় ক্ষুব্ধ শহরবাসী।

আরও জেলা খবর