নির্বিঘ্নে মিটল কাটোয়ার কার্তিক লড়াই, স্বস্তিতে পুলিশ প্রশাসন
নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা ঘিরে বাড়তি উদ্বেগ ছিল প্রশাসনের অন্দরে। তবে শেষ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শোভাযাত্রা মেটায় বড় স্বস্তি পেল কাটোয়া পুলিশ ও প্রশাসন।
অতীতে কাটোয়ায় কার্তিক লড়াইয়ের শোভাযাত্রাকে কেন্দ্র করে একাধিক বার গোলমাল ও অশান্তির ঘটনা ঘটেছিল। রাজনৈতিক শত্রুতার জেরেও অতীতে উত্তেজনা ছড়ানোর নজির রয়েছে। পাশাপাশি, রাজ্যে বিজেপি সরকার গড়ার পরে এটাই ছিল প্রথম কার্তিক পুজো। ফলে এ বারের উৎসব ঘিরে বাড়তি সতর্ক ও চিন্তিত ছিল পুলিশ প্রশাসন। কিন্তু কড়া নিরাপত্তার জেরে গোটা শহর জুড়ে উৎসব মিটল নির্বিঘ্নেই।
বুধবার সন্ধ্যা নামতেই ভাগীরথীর পাড়ের শহর কাটোয়ার ছবিটা বদলে যায়। গলি থেকে রাজপথ— সর্বত্রই কার্যত জনস্রোতে ভেসে যায়। রাত যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। এমনকি, মাঝে কয়েক পশলা বৃষ্টি হলেও মানুষের উৎসাহে ভাটা পড়েনি। বৃহস্পতিবারও শহরের বহু মণ্ডপে প্রতিমা ছিল এবং সেখানে দর্শনার্থীদের লম্বা লাইন চোখে পড়েছে।
শোভাযাত্রার শুরু থেকেই কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রির নেতৃত্বে পুলিশ বাহিনী অত্যন্ত সক্রিয় ছিল। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সারা রাত রাস্তায় থেকে বিভিন্ন এলাকা ঘুরে তদারকি করেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষও।
সুষ্ঠু ভাবে উৎসব সম্পন্ন হওয়ার পর এসডিপিও কাশীনাথ মিস্ত্রি জানান, শোভাযাত্রা নির্বিঘ্নে মেটাতে তাঁরা প্রথম থেকেই সচেষ্ট ছিলেন। শহরের প্রতিটি প্রান্তে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। কন্ট্রোল রুম থেকে প্রতি মুহূর্তের পরিস্থিতির উপর চোখ রাখা হয়েছিল। পুলিশ ও প্রশাসনের যৌথ তৎপরতায় শহরের কোথাও কোনও অশান্তি ঘটেনি।

