দামোদরে ঝাঁপিয়ে শিশুর প্রাণ বাঁচালেন পুলিশ অফিসার, প্রশংসা
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ছটপুজোর ভিড়ের মাঝে দামোদর নদে তলিয়ে যাওয়া তিন বছরের এক শিশুকন্যাকে প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করলেন এক পুলিশ আধিকারিক। গত সোমবার বাঁকুড়ার মেজিয়া থানা এলাকার দামোদর ঘাটে ঘটেছে এই ঘটনা। কর্তব্যরত সাব-ইন্সপেক্টর আকাশ পাত্রের এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছে রাজ্য পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার ছটপুজো উপলক্ষে মেজিয়া ঘাটে পুণ্যার্থীদের প্রবল ভিড় ছিল। পুজোর জোগাড়যন্ত্রে পরিবারের লোকজন যখন ব্যস্ত, সেই সুযোগে সকলের নজর এড়িয়ে নদের জলে পড়ে যায় তিন বছরের ছোট্ট প্রিন্সিকা। চোখের নিমেষে জলের তোড়ে তলিয়ে যেতে থাকে সে। বিষয়টি নজরে আসতেই ঘাটে উপস্থিত মানুষের মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়।
সেই সময় ঘাটের নিরাপত্তার দায়িত্বেই ছিলেন মেজিয়া থানার সাব-ইন্সপেক্টর আকাশ পাত্র। চিৎকার শুনে এক মুহূর্তও দেরি করেননি তিনি। নিজের জীবনের তোয়াক্কা না করেই উর্দি পরা অবস্থায় সোজা দামোদরের জলে ঝাঁপ দেন। জলের গভীরে তল্লাশি চালিয়ে শেষমেশ অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাড়ে তুলে আনেন তিনি।
সহকর্মীর এই অসীম সাহসিকতা ও মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার রাজ্য পুলিশের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘটনার বিবরণ দিয়ে আকাশের ভূয়সী প্রশংসা করা হয়। পোস্টে লেখা হয়েছে, ‘নিজের জীবনের পরোয়া না করে জলের গভীরে চলে যান আকাশ এবং অক্ষত অবস্থায় উদ্ধার করে আনেন ছোট্ট প্রিন্সিকাকে। আমাদের এই সহকর্মীর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’ পুলিশের এই তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দারাও।

