বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ওজনে কারচুপির অভিযোগ, ঘটনাস্থলেই রেশন ডিলারকে সাসপেন্ড মন্ত্রীর

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
ওজনে কারচুপির অভিযোগ, ঘটনাস্থলেই রেশন ডিলারকে সাসপেন্ড মন্ত্রীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: রেশন দোকানে খাদ্যশস্য নিতে গিয়ে ওজনে কারচুপি এবং গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। গ্রামবাসীদের মুখ থেকে সেই অভিযোগ শুনেই আর বিন্দুমাত্র দেরি করলেন না রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। সরেজমিনে তদন্তের পর ঘটনাস্থলেই অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেন্ড করার কড়া নির্দেশ দিলেন তিনি। মঙ্গলবার বীরভূম সফরে এসে বোলপুরের বল্লভপুরডাঙা গ্রামে মন্ত্রীর এই আকস্মিক পদক্ষেপে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন কোনও আগাম কর্মসূচি ছাড়াই আচমকা বোলপুরের বল্লভপুরডাঙা গ্রামে পৌঁছে যান খাদ্যমন্ত্রী। কোনও সরকারি দফতরে বসে নয়, বরং সরাসরি গ্রামের অলিগলিতে ঢুকে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। সরকারি পরিষেবা ঠিকমতো মিলছে কি না, তা খতিয়ে দেখতেই মন্ত্রীর এই ঝটিকা সফর।

বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনার সময়ই স্থানীয় রেশন ডিলার দেবাশিস গোস্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রেশন দোকান থেকে তাঁদের প্রাপ্য চাল ও গমের তুলনায় অনেক কম পরিমাণ খাদ্যশস্য দেওয়া হচ্ছে। ওজনে এই কারচুপির প্রতিবাদ জানাতে গেলে ডিলারের দুর্ব্যবহার ও হুমকির মুখেও পড়তে হত বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সাধারণ মানুষের মুখে এই অভিযোগ শুনেই রীতিমতো ক্ষুব্ধ হন খাদ্যমন্ত্রী। সঙ্গে থাকা খাদ্য দফতরের আধিকারিকদের নিয়ে তিনি বিষয়টি খতিয়ে দেখেন। অভিযোগের প্রাথমিক সত্যতা মিলতেই কোনও রকম সময় নষ্ট না করে অভিযুক্ত ডিলার দেবাশিস গোস্বামীকে সাসপেন্ড করার নির্দেশ দেন অশোক কীর্তনীয়া। পাশাপাশি, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে প্রাপ্য রেশন পান, তার জন্য অবিলম্বে বিকল্প ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি। মন্ত্রীর এই কড়া ভূমিকায় বেজায় খুশি বল্লভপুরডাঙার বাসিন্দারা।

আরও জেলা খবর