রাতের অন্ধকারে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনা! মুখোমুখি দুই বাইকের সজোরে সংঘর্ষে আহত চারজন। তাঁদের মধ্যে হাসপাতাল যেতেই মৃত্যু ৩০ বছর বয়সি এক যুবকের। বাকি তিনজন বর্তমানে চিকিৎসাধীন।
গতকাল রবিবার রাত আনুমানিক ১০টা নাগাদ বহরমপুর থানার অন্তর্গত ঘুনি-কুদবাপুকুর পেট্রোল পাম্পের সামনে ঘটে এই দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, একটি বুলেট বাইকের সঙ্গে একটি টিভিএস বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ইয়ারুল শেখের বুলেট বাইকটি নিমতলা থেকে বালিরঘাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে বালিরঘাটের দিক থেকে আসছিল একটি দ্রুতগামী টিভিএস বাইক। সেই সময়ই দুই বাইকের মধ্যে সজোরে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই বাইকে থাকা মোট চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও বহরমপুর থানার পুলিশের তৎপরতায় আহত চারজনকেই উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, ইয়ারুল শেখ (৩০), পিতা লতিব শেখ, নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত ইয়ারুল শেখের বাড়ি মুর্শিদাবাদ থানার অন্তর্গত চন্দ্রহাট এলাকায়। দুর্ঘটনায় আহত বাকি ১জন হলেন ইয়ারুলের বন্ধু রাহুল খা, পিতা আসারুল খাঁ, এবং অপরদিকে কুদবাপুকুর এলাকার বাসিন্দা বাহাদুর শেখ, পিতা আলাউদ্দিন শেখ ও তাঁর সঙ্গী জলিল শেখ, পিতা মজিদ শেখ। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ময়নাতদন্তের পর মৃত পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়।
এদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কুদবাপুকুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইয়ারুল শেখের আকস্মিক মৃত্যুর খবর চন্দ্রহাটে পৌঁছাতেই তাঁর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া।
জানা যায়, পেশায় ইয়ারুল শেখ একজন গাড়িচালক ছিলেন। স্করপিও ও টাটা সুমোর মতো গাড়ি চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী এবং মাত্র সাত বছরের একটি সন্তান।
বাবার এমন আকস্মিক মৃত্যুতে পিতৃহারা হয়ে পড়ল ছোট্ট শিশুটি। যে বয়সে বাবার হাত ধরে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই বাবাকে হারিয়ে গভীর অনিশ্চয়তার মুখে পড়ল তার ভবিষ্যৎ।
একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। পিছনে রেখে গেল শোকস্তব্ধ পরিবার এবং বাবাকে হারানো এক নিষ্পাপ শিশুকে।

