স্বামী বিবেকানন্দের বাড়িতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি: রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রেক্ষাগৃহে রবিবার এক অভূতপূর্ব কিশোর-যুবাদের সম্মিলনের সাক্ষী রইল। প্রায় পাঁচ মাস-ব্যাপি পূর্ব ভারতীয় রাজ্য গুলির কিশোর-যুবাদের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হল এদিন।
বাংলা ও ইংরাজী ভাষায় বক্তৃতা, প্রবন্ধ রচনা,সঙ্গীত, আবৃত্তি,সংস্কৃত মন্ত্রোচ্চারণ, চিত্রাঙ্কণ,ক্যুইজ ও যোগাসন এই নয়টি বিষয়ে প্রতিযোগিতা আয়োজন করা হয়।
জানা গিয়েছে ২৫ জুন থেকে ২৫ জুলাই, এই একমাস সময়কালে সারা দেশ থেকে ২২২৩ জন প্রতিযোগী তাদের নাম নিবন্ধন করেন। বয়সভিত্তিক তিনটি বিভাগ রাখা ছিল প্রতিযোগিতার আকর্ষণ বাড়ানোর জন্য। ক বিভাগ --পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, খ বিভাগ--নবম থেকে দ্বাদশ শ্রেণী, গ বিভাগ-- প্রথম বর্ষ থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত।
প্রথম পর্যায়ে অনলাইন প্রতিযোগিতার পর ৪৭৯ জন প্রতিযোগী চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত হন। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে বিবেকানন্দ রোডে স্বামিজীর পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে।
সংস্কৃতি জগতের বিশিষ্ট পেশাদারদের নিয়ে গঠিত বিচারক-মন্ডলী চুলচেরা বিশ্লেষণে ১৭১ জন বিজয়ীকে বেছে নেন।
এঁদের হাতে পুরস্কার তুলে দেন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ,আঁটপুরের অধ্যক্ষ স্বামী দেবপ্রিয়ানন্দজী মহারাজ ও উদ্বোধন পত্রিকার সম্পাদকমন্ডলীতে কর্মরত বিশিষ্ট প্রাবন্ধিক অরিন্দম দাস।
ফাইনালে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে শংসাপত্র ও স্মারক ছাড়াও প্রতিটি বিষয় ও বিভাগের প্রথম স্থানাধিকারীকে নগদ তিন হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে নগদ দুই হাজার টাকা, তৃতীয় স্থানাধিকারীকে নগদ একহাজার টাকা এবং নগদ পাঁচশ টাকার দুটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এই যাবতীয় পুরস্কারের পৃষ্ঠপোষক ছিলেন আমেরিকার বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানথ্রপিক সেন্টার অব নিউইয়র্ক।
প্রবাসী এই সংগঠনটি উপরোক্ত বয়সভিত্তিক বিভাগে যথাক্রমে দশটি দুহাজার টাকা, দশটি তিনহাজার টাকা এবং পাঁচটি পাঁচহাজার টাকার বার্ষিক বৃত্তিপ্রদানের অঙ্গীকার একটি মেইলের মাধ্যমে স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজকে জানিয়েছে।
শর্তসাপেক্ষে এই বৃত্তি একজন ছাত্র/ছাত্রী তার গ্র্যাজুয়েশন স্তর পর্যন্ত লাভ করতে পারবে।
ডঃ রাজ্যশ্রী ঘোষ সভাকক্ষে এই মেইল-বার্তাটি পাঠ করার সঙ্গে সঙ্গেই হাততালির ঝড় ওঠে।
আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কয়েকজন সফল প্রতিযোগীর জীবন্ত উপস্থাপনা।
অনুষ্ঠানের শুরুতে স্বামী দিব্যপ্রজ্ঞানন্দজীর বেদপাঠ যদি নান্দীমুখ হয়, তবে শুরু ও শেষে স্বামী স্তুতানন্দজীর সঙ্গীত ছিল বরাবরের মতোই উজ্জীবিত।
স্বাগত ভাষণে তাঁর চিরাচরিত ধরণে স্বামী জ্ঞানলোকানন্দজী প্রায় পাঁচশ কিশোর-যুবাকে জুড়ে নেন তাঁর কথায়, কবিতায়, মন্ত্রোচ্চারণে।
প্রধান অতিথি স্বামী দেবপ্রিয়ানন্দজী যেন নিজের স্কুলের ছাত্রছাত্রীদের সামনে গল্প করে গেলেন। মনোজ্ঞ এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়ন রায় ও সঞ্জয় ব্যানার্জী।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রিয়া রায়।

