বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

সিউড়ির দলীয় কার্যালয়ে ভাঙচুর, কলার ধরে শাসানি অনুব্রতকে

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬
সিউড়ির দলীয় কার্যালয়ে ভাঙচুর, কলার ধরে শাসানি অনুব্রতকে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: এক সময়ে তাঁর অঙ্গুলিহেলনে কাঁপত গোটা বীরভূম। সেই একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল নিজের দলীয় কার্যালয়ে বসেই নজিরবিহীন হেনস্থার শিকার হলেন। বুধবার সন্ধ্যায় বীরভূমের সিউড়িতে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের (ডিটিসি) জেলা কার্যালয়ে ঢুকে অনুব্রতর সামনেই ব্যাপক ভাঙচুর চালাল তিন যুবক। শুধু আসবাবপত্র গুঁড়িয়ে দেওয়াই নয়, বীরভূমের ‘কেষ্ট’র কলার ধরে টেবিল চাপড়ে শাসানোর পাশাপাশি তাঁকে হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায়। ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।

দলীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় সিউড়ির পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে বসেছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই লাঠি, রড ও গাছের মোটা ডাল হাতে মুখ বাঁধা অবস্থায় তিন যুবক সেখানে চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই অনুব্রতের সামনের কাঠের ও কাচের টেবিলে দমাদ্দম বাড়ি মারতে শুরু করে তারা। ভেঙে চুরমার করে দেওয়া হয় ঘরের এসি, চেয়ার ও জানলার কাচ। টেবিলে লাঠির আঘাতে ছিটকে আসা কাচের টুকরো লেগে অনুব্রতের চোখের নিচে সামান্য চোটও লাগে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ভাঙচুর চালানোর পাশাপাশি অনুব্রতকে আঙুল উঁচিয়ে শাসাচ্ছে ওই যুবকেরা। বিগত ১৫ বছরের ‘অত্যাচারের হিসাব’ চেয়ে এক যুবককে বলতে শোনা যায়, “তুই কম অন্যায় করেছিস? জবাব দে!” অন্য একজন হুঙ্কার দেয়, “সিউড়িতে যেন আর না দেখি”। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও চেয়ারে সোজা হয়ে বসে বারে বারে করজোড়ে হাসি মুখে তাঁদের শান্ত করার অনুনয় করতে দেখা যায় বীরভূমের ‘একদা বাঘ’কে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ আসতেই হামলাকারী তিন যুবক ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে স্বেচ্ছায় পুলিশের গাড়িতে উঠে পড়ে। পুলিশ তাদের আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসক শিবিরের অন্দরেই নানামুখী চর্চা শুরু হয়েছে। গণতান্ত্রিক তৃণমূলের একাংশ সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেও, দলের অন্য অংশের দাবি— গোটা বিষয়টিই ‘সাজানো নাটক’। বীরভূমেরই আর এক প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখ তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, “দেখে মনে হচ্ছে, সাজানো ঘটনা”। অন্যদিকে, হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। পদ্ম শিবিরের স্থানীয় নেতৃত্বের দাবি, এটি দলীয় কোন্দল অথবা দীর্ঘদিনের পুঞ্জীভূত জনরোষের বহিঃপ্রকাশ। আপাতত পুলিশি পাহারায় সিউড়ি ছেড়ে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনুব্রত মণ্ডল।

আরও খবর