আয়ের ঊর্ধ্বসীমা নেই, উচ্চশিক্ষায় আসছে বিবেকানন্দ স্কলারশিপ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যের মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে এক বড়সড় পদক্ষেপ করল নতুন সরকার। দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আগের তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল ‘বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ’। এবার বিজেপি সরকারের তরফে চালু করা হচ্ছে সম্পূর্ণ নতুন ধাঁচের ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’। এই নতুন প্রকল্পের সবচেয়ে বড় চমক হল, দেশ বা বিদেশের যে কোনও প্রথম সারির প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য খরচের পুরো টাকাই বৃত্তি হিসেবে দেওয়া হবে। শুধু তাই নয়, এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে পারিবারিক আয়ের কোনও ঊর্ধ্বসীমা বা বাধ্যবাধকতা রাখা হয়নি।
পূর্বতন সরকারের নিয়মানুযায়ী, ‘বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ’ পেতে গেলে আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু নতুন ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’-এর ক্ষেত্রে মেধাই একমাত্র মাপকাঠি হতে চলেছে। তবে এই বৃত্তির সুযোগ পাওয়ার জন্য পড়ুয়ারা কোন প্রতিষ্ঠানে ভরতি হচ্ছেন, তার একটি নির্দিষ্ট মানদণ্ড বা পরিকাঠামো ঠিক করে দেওয়া হয়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যেই এই নতুন প্রকল্পের জন্য বিশেষ পোর্টাল চালুর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যেতে পারে।
পাশাপাশি, রাজ্যের উচ্চশিক্ষার সমস্ত ধরনের স্কলারশিপকে একই ছাতার তলায় নিয়ে আসার জন্য একটি বড়সড় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রের ‘ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল’ (NSP)-এর ধাঁচেই তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের এই নতুন সমন্বিত পোর্টালটি। বিকাশ ভবন সূত্রের ইঙ্গিত, নতুন এই ব্যবস্থার মাধ্যমে বিবেকানন্দের নামাঙ্কিত স্কলারশিপগুলি তো বটেই, সেই সঙ্গে ‘কন্যারত্ন’ (যা আগে ‘কন্যাশ্রী’ নামে পরিচিত ছিল) এবং অন্যান্য সমস্ত সরকারি বৃত্তি প্রকল্পকে একীভূত করা হবে। এর ফলে পড়ুয়ারা একটি মাত্র প্ল্যাটফর্ম থেকেই খুব সহজে নিজেদের যোগ্যতা অনুযায়ী বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। মেধার কদর বাড়াতে ও আবেদন প্রক্রিয়াকে স্বচ্ছ করতেই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

