সর্বশেষ খবর
চলন্ত ‘বার’ সাইকেলে! অভিনব কৌশলে গ্রামে মদ বিক্রি, ময়নাগুড়িতে ধৃত ১
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: সাইকেলের একদিকের ব্যাগে থরে থরে সাজানো দেশি মদের বোতল। আর অন্যদিকের ব্যাগে মজুত জলের বোতল ও কাচের গ্লাস! সাইকেলে চড়েই গ্রামে গ্রামে ঘুরে এমন অভিনব কায়দায় মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মানিক চন্দ। সে ময়নাগুড়ি ব্লকের বাগজান এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, জেরায় ধৃত ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিক চন্দ নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই এলাকায় এই বেআইনি মদের ব্যবসা চালাচ্ছিল। তবে তার বিক্রির কৌশল ছিল একেবারেই আলাদা। কোনও নির্দিষ্ট দোকান নয়, বরং সাইকেল নিয়ে সে নিজেই পৌঁছে যেত খদ্দেরদের দুয়ারে। রাস্তায় কোনও খদ্দের মদ খেতে চাইলে, মানিক তখনই সাইকেল থামিয়ে ব্যাগ থেকে গ্লাস বার করে মদ ও জল মিশিয়ে পরিবেশন করত। স্পটেই চলত মদ্যপান।
তদন্তে জানা গেছে, এক গ্লাস মদের জন্য মানিক খদ্দেরদের থেকে ২৫ টাকা করে নিত। আর কেউ যদি গ্লাসে না খেয়ে আস্ত বোতল কিনতে চাইতেন, তবে সেই বোতলের আসল দামের চেয়ে অতিরিক্ত ৫০ টাকা বেশি নিত সে। হোম ডেলিভারি ও অন-স্পট সার্ভিসের লোভেই বহু মানুষ তার চক্করে পড়ত।
গোপন সূত্রে এই চলন্ত মদের কারবারের খবর পান ময়নাগুড়ি থানার আইসি। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ বাগজান এলাকায় ওত পেতে বসে থাকে। মানিক সাইকেল নিয়ে আসতেই তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। উদ্ধার হয় প্রচুর মদের বোতল। ধৃতের বিরুদ্ধে আবগারি আইনে মামলা রুজু করেছে পুলিশ।

