সর্বশেষ খবর
রাজবাঁধে মেডিক্যাল কলেজের হস্টেলে ছাত্রের ঝুলন্ত দেহ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেল থেকে প্রথম বর্ষের এক ডাক্তারি ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চরম চাঞ্চল্য ছড়াল। শুক্রবার কাঁকসার রাজবাঁধ এলাকার একটি নামী বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম অভিষেক কুমার (২০)। তিনি বিহারের সীতামারির বাসিন্দা ছিলেন।
কলেজ সূত্রে জানা গিয়েছে, অভিষেক হস্টেলের একটি ঘরে তাঁর এক সহপাঠীর সঙ্গে থাকতেন। শুক্রবার দুপুরে ওই সহপাঠী নমাজ পড়তে ঘরের বাইরে গিয়েছিলেন। তিনি ফিরে এসে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে খিল দেওয়া। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি। সন্দেহ হওয়ায় তিনি আশপাশের ঘরের আবাসিকদের ডেকে আনেন। তখন এক জন জানলা দিয়ে উঁকি মেরে দেখেন, সিলিং ফ্যান থেকে অভিষেকের দেহ ঝুলছে। হস্টেল কর্তৃপক্ষ তড়িঘড়ি দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তবে কী কারণে ওই তরুণ এমন চরম পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে ওই পড়ুয়ার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরীক্ষার চাপ বা অন্য কোনো কারণে তীব্র মানসিক অবসাদ থেকেই সম্ভবত আত্মঘাতী হয়েছেন তিনি।
মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শুভ্রশঙ্কর ভট্টাচার্য জানান, সহপাঠী নমাজ পড়তে যাওয়ার পরই ঘটনাটি ঘটেছে। ঠিক কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রসপ্রিত সিংহ জানিয়েছেন, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

