হিংসায় উত্তপ্ত পদ্মাপার, আওয়ামি আন্দোলনে কোণঠাসা শাসক শিবির
নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মাঝেই নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ। নেপথ্যে রয়েছে আইনত নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামি লিগের আকস্মিক পুনরুত্থান। দলের ডাকে বৃহস্পতিবারের দেশজোড়া লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলাদেশের একাধিক জেলা।
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জে। মঙ্গলবার সেখানে থানায় আগুন ধরিয়ে দেওয়ার পর থেকেই কার্যত হাসিনা অনুগামীদের দখলে চলে গিয়েছে গোটা জেলা। মঙ্গল ও বুধবারের পর বৃহস্পতিবার সকালেও কুড়োল, রামদা এবং লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে তাণ্ডব চালান কয়েক হাজার আওয়ামি নেতা-কর্মী। প্রশাসনের নিয়ন্ত্রণ আলগা হওয়ায় গোপালগঞ্জ এখন কার্যত বিচ্ছিন্ন।
এই পরিস্থিতিতে চরম হতাশা প্রকাশ করেছেন খোদ শাসক দলের নেতারাও। প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তাঁদের আক্ষেপ, প্রশাসনিক অপদার্থতার সুযোগ নিয়েই আজ ‘স্বাধীন গোপালগঞ্জ’ তৈরি হয়েছে। অন্যদিকে, আওয়ামি লিগের এই আগ্রাসী প্রত্যাবর্তনে গভীরভাবে শঙ্কিত জামাত-ই-ইসলামিও। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরাসরি শাসক দলের দিকেই আঙুল তুলেছে তারা।
রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি নিশানা করেন শেখ হাসিনা ও আওয়ামি লিগকে। তারেকের অভিযোগ, “প্রভুকে খুশি করতে ওরা দেশের মানুষের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।” সব মিলিয়ে, নিষিদ্ধ দলের এই পাল্টা আঘাতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এক বড়সড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।

