সর্বশেষ খবর
বহরমপুরে গৃহশিক্ষকের বিরুদ্ধে নাবালককে যৌন হেনস্থার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে প্রতিবেশীরা
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
রিচা দত্ত, মুর্শিদাবাদঃ বহরমপুরে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে এক নাবালক ছাত্রকে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
নির্যাতিত ছাত্রের মায়ের অভিযোগ, অভিযুক্ত ওই শিক্ষকের কাছে তার ছেলে অষ্টম শ্রেণি থেকে পড়ত। নবম শ্রেণি পর্যন্ত সব ঠিকঠাক চললেও দশম শ্রেণিতে ওঠার পর থেকেই শিক্ষক ছাত্রের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন বলে অভিযোগ।
ছাত্রের মা জানান, ভয়ে ছেলে প্রথমে বাড়িতে কিছু জানায়নি। পরে মানসিকভাবে ভেঙে পড়লে পুরো ঘটনা সামনে আসে। তিনি বলেন, "আমি বিশ্বাস করে তিন বছর ধরে ছেলেকে ওর কাছে পড়াতে দিয়েছিলাম। ও ভালো পড়ায় বলেই দিতাম। কিন্তু এখন আমার ছেলেটা শেষ হয়ে গেল। আমি এর কঠোর বিচার চাই।"
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে এটা প্রথম অভিযোগ নয়। প্রায় পাঁচ বছর আগেও এক ছাত্রের মায়ের সঙ্গে একই রকম অশালীন আচরণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
এলাকার এক বাসিন্দা বলেন, "আমরা ভদ্র পাড়া বলে সেইবার মারধর করিনি, ক্ষমা চাওয়ায় ছেড়ে দিয়েছিলাম। শুনেছি নিজের স্ত্রী এবং দুই মেয়ের ওপরেও অত্যাচার করে। এমন লোককে পাড়ায় থাকতে দেব না। আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।"
এই ঘটনায় নির্যাতিত ছাত্রের মায়ের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

