সর্বশেষ খবর
বীরভূমে উদ্ধার ২০ কোটি ও সোনা
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের দাপুটে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হলো কোটি কোটি নগদ টাকা এবং বিপুল পরিমাণ সোনা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া পুলিশের এই মেগা তল্লাশি অভিযানে বুধবার সকাল পর্যন্ত থরে থরে সাজানো নোটের পাহাড় এবং সোনার বাট উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের মহম্মদবাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাসকদলের আমলে জেলার পাথর ব্যবসায় একচেটিয়া প্রভাব ছিল কোটিপতি ব্যবসায়ী টুলু মণ্ডলের। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বেআইনি পাথর ব্যবসা এবং আর্থিক দুর্নীতির একাধিক গুরুতর অভিযোগ উঠছিল। এবার তারই এক অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়, মনার ওরফে মিনার মণ্ডলের বাড়িতে হানা দেয় জেলা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আচমকাই মিনারের বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে। ঘরের কোণায় কোণায় তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের।
অভিযান চলাকালীন বাড়িটি থেকে উদ্ধার হয় নগদ প্রায় ২০ কোটি টাকা এবং আনুমানিক ১৫ কেজি খাঁটি সোনা। এত বিপুল পরিমাণ নগদ টাকা খালি হাতে গোনা অসম্ভব বুঝতে পেরে রাতেই খবর দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। বুধবার সকালের মধ্যেই ঘটনাস্থলে নিয়ে আসা হয় অন্তত পাঁচটি আধুনিক টাকা গোনার মেশিন। উদ্ধার হওয়া নোট এবং সোনা নিরাপদে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার জন্য আনা হয়েছে পাঁচটি বড় লোহার ট্রাঙ্ক।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মিনার মণ্ডল নিজেও টুলুর পাথর ক্রাশার ও অন্যান্য ব্যবসার দেখাশোনা করতেন। বিপুল এই কালো টাকা আসলে কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো বাড়িটি বর্তমানে কড়া পুলিশি পাহারায় মুড়ে ফেলা হয়েছে। তল্লাশি শেষ হলে বাজেয়াপ্ত টাকার সঠিক পরিমাণ জানা যাবে বলে জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

