সাড়ে ৫ ঘণ্টা জেরার পর থানা থেকে হাসিমুখে বেরোলেন হুমায়ুন
রিচা দত্ত, মুর্শিদাবাদ: ওসির বিরুদ্ধে প্রকাশ্য সভায় মন্তব্যের জেরে রবিবার শক্তিপুর থানায় হাজিরা দিতে হল নওদার বিধায়ক ও আমজনতা উন্নয়ন পার্টির স্রষ্টা হুমায়ুন কবীরকে। টানা সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে তিনি বলেন, "অফিসাররা ভদ্রভাবেই কথা বলেছেন।"
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ই মে গড়দরাকুঠির কর্মীসভায় শক্তিপুর থানার ওসি অতনু দাসের বিরুদ্ধে "ফাউল" মন্তব্যের অভিযোগে 27/06/2026 তারিখে শক্তিপুর থানায় 176 নম্বর মামলা দায়ের হয়।
এই মামলার তদন্তের জন্য রবিবার বিধায়ককে ডাকা হয়। আইও স্বপন চ্যাটার্জী, এএসআই সফিকুল ইসলাম, এএসআই অজয় মণ্ডল ও এসআই নজরুল ইসলাম - এই 4 জন অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
হুমায়ুন কবীর বলেন, "ইমোশনালি রেগে গিয়ে ওসির বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম। সেই নিয়েই কেস। আমার বিরুদ্ধে যে সেকশন আছে সেগুলি নিয়েই প্রশ্ন করেছে। আমি সাধ্যমতো উত্তর দিয়েছি।" আবার ডাকা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "ওনারা ডাকলে আবার আসব।"

